সাত নারী কর্মীর সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাত নারী কর্মীর সাধারণ ভবিষ্যৎ তহবিলের (জিপিএফ) চার লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই বিভাগের সাবেক দুই সহকারী (টিএফপিএ) এ টাকা তুলে আত্মসাৎ করেন।এ ঘটনার শিকার নারী কর্মীরা প্রতিকার চেয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোগলা ইউনিয়নের পরিবারকল্যাণ সহকারী আম্বিয়া খাতুন জিপিএফ থেকে ঋণ উত্তোলনের আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তৎকালীন সহকারী (টিএফপিএ) সুলতান উদ্দিন আহমদ ২০০৯ সালের জুলাই মাসে ৮২ হাজার টাকা ঋণ মঞ্জুর করেন। কিন্তু আম্বিয়াকে ৬০ হাজার টাকা দেন তিনি। এ ছাড়া পরের বছর আম্বিয়ার তহবিল থেকে আরও ৫০ হাজার টাকা ঋণ উত্তোলন করে তা আত্মসাৎ করেন সুলতান। একই কায়দায় তিনি হোগলা ইউনিয়নের হামিদা বেগমের ৪২ হাজার টাকা, সুজাতা বেগমের ৫০ হাজার, লুৎফুন্নাহারের ৫৬ হাজার, আগিয়া ইউনিয়নের হালিমা খাতুনের ৬০ হাজার, বাসনা রানী দাসের ৫০ হাজার ও বিশকাকুনি ইউনিয়নের খালেদা বেগমের এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।সুলতান উদ্দিন আহমদ বর্তমানে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত। অভিযোগের সত্যতা স্বীকার করে গত সোমবার প্রথম আলোকে বলেন, তিনি ওই টাকা ফেরত দেবেন।