সাত নারীকে সম্মাননা দিল ডেইলি স্টার ও আইপিডিসি ফিন্যান্স

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাহসী ভূমিকা এবং উদ্যোক্তা—এই পাঁচ ক্যাটাগরিতে নীরবে-নিভৃতে কাজ করা সাতজন শ্রেষ্ঠ নারীকে সম্মাননা দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ শীর্ষক অনুষ্ঠানে এই নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইজিপি এ কে এম শহীদুল হক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এবং আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। সম্মাননা পাওয়া নারীদের প্রত্যেককে ক্রেস্ট এবং দুই লাখ টাকা দেওয়া হয়েছে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে সাত নারীর সংক্ষিপ্ত অবদান ভিডিও ক্লিপের মাধ্যমে তুলে ধরা হয়।
এই নারীদের মধ্যে মানিকগঞ্জের সোনাজান আক্তার ৫০ বছর ধরে নিজের গ্রাম ও আশপাশের প্রায় ৫০টি গ্রামে ধাত্রী হিসেবে সন্তান প্রসব করানো এবং প্রসবের পর নবজাতকের সেবাযত্ন করছেন। কোনো নারী মারা গেলে লাশের গোসল করানোর কাজ করেন তিনি। তবে এসব কাজের জন্য কোনো পারিশ্রমিক নেন না।
সোনাজান বললেন, ‘মানুষের বিপদ দেখলে বইস্যা থাকতে পারি না, এই কামে রাইত আর দিন নাই।’
ইরানি বাড়ৈই মাত্র ২৯ বছর বয়সে জটিল এক অসুখে প্যারালাইজড হয়ে যান। বর্তমানে হুইলচেয়ারে বসে তিনি জ্যেষ্ঠ নার্স হিসেবে কাজ করছেন নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে।
ফাতেমা বেগম দেশের প্রথম নারী হিসেবে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ প্রশাসনে যোগ দেন। বর্তমানে তিনিই প্রথম নারী এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাত্র তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারানো রোকেয়া বেগম ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
জয়পুরহাটের মেফতাহুল জান্নাত গ্রামে সোলার প্যানেলের ব্যবসা করে যে আয় হয়, তা দিয়ে প্রায় দেড় শ ছিন্নমূল শিশুকে বিনা মূল্যে পড়াচ্ছেন।
ভাগ্য রাণী বণিক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশে–বিদেশে তাঁর প্রকাশিত গবেষণার সংখ্যা ৩৭টি।
নিজেরসহ এলাকার মেয়েদের বাল্যবিবাহ ঠেকানোর জন্য গাজীপুরের শাহিদা আক্তার দেশে–বিদেশে সুনাম অর্জন করেছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিভৃতে কাজ করা এই নারীদের খুঁজে বের করে সম্মাননা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান। রাষ্ট্রকে এ ধরনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করবেন বলেও উল্লেখ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্তৃপক্ষ ইচ্ছা করলে দেশ থেকে লিঙ্গবৈষম্য দূর করতে পারবে। আর এ বৈষম্য দূর না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়ন না হলে সব জায়গায় ব্যর্থ হতে হবে।
মাহ্ফুজ আনাম এই সাত নারীর জীবন থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। এই নারীদের তিনি ‘শ্রেষ্ঠ মানুষ’ হিসেবে উল্লেখ করেন।
এই সাত নারীকে নির্বাচন করার ক্ষেত্রে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।