ফরিদপুরে স্থানীয় আওয়ামী লীগের সাত নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়েছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ দাবি নাকচ করে দিয়েছেন। গত বুধবার রাতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক অনুষ্ঠানে ওই দাবি উত্থাপন এবং তা নাকচের ঘটনা ঘটে।
ফরিদপুর সদর উপজেলা পরিষদে প্রবাসী কল্যাণমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা গণসংবর্ধনা উদ্যাপন কমিটি। ওই কমিটির আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন খন্দকার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে মোকাররম মিয়া বলেন, ফরিদপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে পরাজিত করার জন্য ‘নীলনকশার’ প্রার্থী হয়েছিলেন ঝর্না হাসান (জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাসিবুল হাসেনের স্ত্রী)। ফরিদপুরে আওয়ামী লীগ মন্ত্রী-সমর্থিত এবং হাসিবুল হাসান-সমর্থিত অংশে বিভক্ত। ঝর্না হাসানকে উপজেলা নির্বাচনে মন্ত্রীবিরোধী অংশ চেয়ারম্যান পদে সমর্থন করেছে। তিনি বলেন, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে ঝর্না হাসানের পক্ষে দলের যেসব নেতা-কর্মী কাজ করেছেন, দল থেকে বহিষ্কারের জন্য তাঁদের তালিকা করা হচ্ছে।
একপর্যায়ে মোকাররম মিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিফা কামালউদ্দিন, সাধারণ সম্পাদক অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্যসচিব আইভী মাসুদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হকের নাম উল্লেখ করে তাঁদের দল থেকে বহিষ্কারের দাবি জানান। এ জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানোর দাবিও করেন। মোকাররম আরও বলেন, কেন্দ্র যদি এঁদের দল থেকে বহিষ্কারে কার্যকর পদক্ষেপ না নেয়, প্রয়োজনে সদর উপজেলায় লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
পরে খন্দকার মোশাররফ হোসেন নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি প্রসঙ্গে তাঁর বক্তব্যে বলেন, ‘আপনারা সবাই বহিষ্কার বহিষ্কার করছেন। কিন্তু আওয়ামী লীগ করা তো চাকরি করা নয়। চাকরি হলে বরখাস্ত করা যেত।’ কেউ আওয়ামী লীগ করলে তাঁকে দল করতে বারণ করা যায় না উল্লেখ করে করে তিনি বলেন, তবে একটা কাজ করা যায়, তা হলো কেউ যদি দলের সমঞ্চানিত কোনো পদে থাকেন, তাহলে ভবিষ্যতে দলীয় সমেঞ্চলনে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, দলের কেউ বহিষ্কার চাইতেই পারেন। তবে এভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কাউকে বহিষ্কার করা যায় না।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘মোকাররম মিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হতে চান। এ জন্য আমাকে হেয় প্রতিপন্ন করতে এমন বক্তব্য দিচ্ছেন। আর দলের গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কাউকে বহিষ্কার যায় না। গত জুনে গণভবনে অনুষ্ঠিত তৃণমূল আওয়ামী লীগের সম্মেলনের অভিজ্ঞতার আলোকে মন্ত্রী তা বুঝে নিয়েছেন।’