সাত পরিবারকে একঘরে করার ঘোষণা, মাতবর জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নওগাঁর রানীনগর উপজেলার স্থলগ্রামে সাতটি পরিবারকে একঘরে করার ঘোষণা দিয়েছেন মাতবরেরা। গত শুক্রবার রাতে স্থলগ্রামে টিন বাজিয়ে ওই ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে রানীনগর থানায় গত রোববার বিকেলে ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পুলিশ ওই দিন সন্ধ্যায় রেজাউল নামের একজন মাতবরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।স্থলগ্রাম ঘুরে ও লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাস খানেক আগে গ্রামের একজন দিনমজুরের বাড়িতে তাঁর এক নিকটাত্মীয় যুবকের রাতযাপনকে কেন্দ্র করে কয়েকজন মাতবর দিনমজুরের স্ত্রীর সঙ্গে যুবকের অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে মাতবরেরা গত ১৫ দিনে কয়েক দফা সালিসে বসেন। কিন্তু প্রমাণ না পাওয়ায় সালিসে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়ে মাতবরেরা ১৫ দিন আগে থেকে ওই সাতটি পরিবারের সঙ্গে গ্রামবাসীর সব ধরনের সামাজিক যোগাযোগ ও লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করেন। সর্বশেষ গত শুক্রবার রাতে মাতবরেরা স্থলগ্রামে টিন বাজিয়ে ওই দিনমজুর ও তাঁর ভাই-ভাতিজাদের মোট সাতটি পরিবারকে একঘরে করার ঘোষণা দেন।গ্রামের বাসিন্দা আলী আকবর, আমিন উদ্দিন ও আক্তার বানু জানান, মাতবরদের নির্দেশে গ্রামের আবদুল হামিদ নামের এক ব্যক্তি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুড়ির টিন বাজিয়ে ওই ঘোষণা দেন। এ সময় চোঙা ফুঁকে বলা হয়, মাতবরদের নির্দেশ অমান্য করে কেউ ওই সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। তা ছাড়া ওই সাতটি পরিবারের লোকজন গ্রামের কোনো বাড়িতে যেতে পারবে না, এমনকি ওই সব পরিবারের কেউ গ্রামের বিদ্যালয়েও যেতে পারবে না।মাতবরদের সিদ্ধান্তে একঘরে থাকা ওই দিনমজুরের ভাই জানান, যে যুবককে নিয়ে তাঁদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে, আত্মীয়তার সুবাদে তাঁদের বাড়িতে ওই যুবকের আসা-যাওয়া দীর্ঘদিনের। কিন্তু মাতবরেরা বিষয়টি সহজভাবে নিতে না পেরে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন। সালিসে বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়ে তাঁদের একঘরে করে রাখার ঘোষণা দেওয়া হয়। তিনি জানান, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, আবু আওয়ালসহ ১০-১২ জন মাতবর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ওই দিনমজুর বলেন, ‘আমরা গরিব, আমাদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করায় কয়েক দিন ধরে আমরা কারও বাড়িতে কাজকর্ম করতে যেতে পারছি না।’জানতে চাইলে মাতবর নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মাঠে বসে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করেই ওই সাত পরিবারকে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয়।রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, এ বিষয়ে রোববার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ একটি মামলা করেছেন। মামলায় সুনির্দিষ্ট সাতজনসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ওই গ্রামে অভিযান চালিয়ে রেজাউল ইসলাম নামের এক মাতবরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে জোর তত্পরতা চলছে।