সাত পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের ১৪টি ঘর পুড়ে গেছে। মারা গেছে চারটি গবাদিপশু। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মিনি ট্রাক পুড়ে গেছে। গত রোববার এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান গ্রামে রোববার রাতে আবুল কালামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সেটি আশপাশে ছড়িয়ে পড়লে সাতটি পরিবারের ১৪টি ঘর ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় একটি গরু ও তিনটি ছাগল।
পরে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রাজিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বেতুয়া এলাকায় আবু তালহার মিনি ট্রাকটি একটি মসজিদের সামনে রাখা ছিল। রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন আসার আগেই ট্রাকটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে চরম হতাশায় পড়েছেন এর মালিক।