সাত পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশি হেফাজতে নির্যাতনে মোহাম্মদ রুকনুজ্জামান (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে সাত পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে মামলাটি দায়ের করেন নিহত ব্যক্তির স্ত্রী শিমু আক্তার।
আদালত আগামী ২৩ জুলাইয়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন, বাকলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেন, কনস্টেবল মিজানুর রহমান, মো. মুসলেম, খোকন মিয়া, শাহিনুর আলম, আকবর, পুলিশের সোর্স জামাল ও হুমায়ুন কবির এবং স্থানীয় হারুন অর রশিদ ওরফে ডিউক।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার আরজিতে এসআই আমির হোসেনের নেতৃত্বে আসামিরা কিল-ঘুষি মেরে ব্যবসায়ী রুকনুজ্জামানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমির হোসেন বাদীর স্বামীকে নগরের বাকলিয়া এহসান সিটি এলাকার বাসা থেকে রাতে ধরতে যান। এ সময় কোনো পরোয়ানা আছে কি না জানতে চাইলে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় পুলিশ। পরে মারধর করে রুকনুজ্জামানকে গাড়িতে তোলে। সেখানে কিল-ঘুষি মারেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে পুলিশের গাড়িতে লুটিয়ে পড়েন রুকনুজ্জামান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে পুলিশের গাড়িতে তোলার পর রুকনুজ্জামানকে কোনো ধরনের মারধর কিংবা নির্যাতন করেননি বলে আমির হোসেন জানান।
১৮ জুন রাতে নগরের বাকলিয়া এহসান সিটি এলাকায় আবাসন ব্যবসায়ী রুকনুজ্জামানকে পাঁচলাইশ থানার একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার করতে যায় পুলিশ। ঘটনার পর নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করে আসছেন, পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে। পরদিন ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ দাফন করা হয়।