সাত পৌরসভায় আট মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন
মাগুরা, রাজবাড়ীর পাংশা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও নড়াইলের কালিয়ায় বিএনপির মেয়র প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। এ ছাড়া কালিয়ায় আওয়ামী লীগের প্রার্থী, নড়াইল পৌরসভায় দুই স্বতন্ত্র প্রার্থী ও পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: মাগুরা পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী ইকবাল আকতার খান গতকাল বেলা আড়াইটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এ ঘোষণা দেন।
ইকবাল আকতার খান বলেন, ‘ভোটকেন্দ্র দখল, বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া, মারধর, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছি। ওই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত জানিয়েছি।’
ইকবাল আকতার খান বলেন, ‘৩২ কেন্দ্রের হাতেগোনা ৩-৪টি ছাড়া তারা সব কটি কেন্দ্র দখল করে নেয়। বিএনপির কোনো ভোটারকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়নি। ১০-১২টি ভোটকেন্দ্রে তারা আমার কর্মীদের মারধর করেছে। প্রশাসন নীরব ছিল।’
রাজবাড়ী: পাংশায় বিএনপির মেয়র প্রার্থী চাঁদ আলী খান বেলা ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। পাংশা থানা মোড়ে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। চাঁদ আলী খান অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়। এমনকি অনেক ভোটারকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামনে ভোট দিতে বাধ্য করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আবদুল আল মাসুদ বিশ্বাস।
ঝিনাইদহ: বেলা দুইটায় শৈলকুপা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মো. খলিলুর রহমান নির্বাচনী এলাকার ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টির ভোট বর্জন করেন। তিনি এসব কেন্দ্রে পুনরায় নির্বাচন দাবি করেন। তিনি অভিযোগ করেন, প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। বেলা তিনটায় কেন্দ্র দখল, অনিয়ম, পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে হরিণাকুণ্ডু পৌরসভার বিএনপির প্রার্থী জান্নাতুল হক নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাঁর পক্ষে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান এই ঘোষণা দেন। তবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই হয়েছে।
নড়াইল: কালিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী এস এম ওহিদুজ্জামান মিলু ভোট বর্জন করেন। এ ছাড়া কালিয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা গতকাল বিকেলে নড়াইল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের কথা জানান। এদিকে নড়াইল পৌরসভায় ভোট কারচুপির অভিযোগে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন। তাঁদের অভিযোগ, নৌকা প্রতীকের সমর্থকেরা বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট কারচুপি করেছেন। এ কারণে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
পটুয়াখালী ও কলাপাড়া: কুয়াকাটায় জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার সকাল নয়টায় অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেন।