সাত পৌরসভায় প্রার্থী বাছাই আ.লীগের
সুনামগঞ্জের চারটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চারজনের নাম চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে বিএনপির মধ্যে প্রার্থী বাছাইয়ে প্রকাশ্যে কোনো তৎপরতা বা আলোচনা না থাকলেও পাঁচজনের একটি তালিকা জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে। টাঙ্গাইলের তিনটি পৌরসভায় গতকাল রোববার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
সুনামগঞ্জের চারটি পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হলেন সুনামগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আয়ুব বখত জগলুল, ছাতকে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে সাবেক মেয়র মিজানুর রশিদ ভুঁইয়া ও দিরাইয়ে মোশারফ হোসেন। শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রার্থী বাছাই কমিটির সভায় এই চারজনের নাম চূড়ান্ত করা হয়। স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আলোচনার পর গতকাল সকালে দিরাই পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নাম ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান, প্রার্থী বাছাই কমিটির সভায় সর্বসম্মতিক্রমে চার পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। সভায় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা হচ্ছেন কালিহাতী পৌরসভায় দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আনছার আলী, ভুয়াপুরে বর্তমান মেয়র মাসুদুর রহমান এবং গোপালপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম তিন পৌরসভায় প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, সোমবার টাঙ্গাইল ও সখীপুর পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।