সাত প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
নগরের স্টেশন রোড ও লালখান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি ও বিক্রির অভিযোগে সাত প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল শনিবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক জুবায়ের আহমদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জুবায়ের আহমদ বলেন, অভিযান চলাকালে কয়েকটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ওই সব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় স্টেশন রোডের ড্যাফোডিল ফুডসকে ১০ হাজার টাকা, গনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার, তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, নিউ বিরতি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ১৫ হাজার ও ক্যাফে নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চিপসের মোড়কে বিএসটিআইয়ের নকল স্টিকার ব্যবহার করায় স্ন্যাকস অ্যান্ড টি স্টলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লালখান বাজার এলাকার ডিএফসি মিনি চায়নিজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।