সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
বিএসটিআইয়ের সনদ ছাড়া অবৈধভাবে বৈদ্যুতিক পাখা, এনার্জি বাতি ও কেব্ল উৎপাদন ও বিক্রির অভিযোগে গতকাল বুধবার চট্টগ্রামের সাতটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বিএসটিআইয়ের সার্ভিলেন্স টিম অভিযান পরিচালনা করে। বৈদ্যুতিক পাখা তৈরির প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নজুমিয়াহাট এলাকার হক ফ্যান ইন্ডাস্ট্রিজ, কালুরঘাট শিল্প এলাকার এয়ারমেট গুডি ইলেট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হামজারবাগ বিই মেটাল ইন্ডাস্ট্রিজ ও এমকে ইলেকট্রনিক্স এবং আতুরার ডিপো এলাকার বিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফকিরাহাট এলাকার গ্লোবাল এনার্জি অ্যাসেম্বিলিং প্লান্ট নামক এনার্জি বাতির কারখানা ও হামজারবাগের সুপার এনামেল কপার কন্ডাক্টর কারখানা এনইসি সুপার অ্যান্ড কেব্লস।
বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক কে এম হানিফ এ প্রসঙ্গে বলেন, এসব প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে লোগো ব্যবহার করে পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল।