সাত প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলায় গতকাল সোমবার প্রত্যক্ষদর্শী সাতজন সাক্ষী দিয়েছেন। এঁরা সবাই ঘটনার আগে ও পরের বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করেছেন। আদালতে আসামিদের শনাক্ত করে সাক্ষ্য দিয়েছেন তাঁরা।
ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ সাতজনের সাক্ষ্য গ্রহণ করে আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন ও আসামিদের জবানবন্দি গ্রহণকারী বিচারিক হাকিমের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার গুরুত্বপূর্ণ এই সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার পর আজ সাক্ষ্য গ্রহণ শেষ করে পরবর্তী বিচারকাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী আনসারুজ্জামান।
আদালত সূত্র জানায়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য। এর মধ্যে দেলোয়ার হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী আসামিদের মুঠোফোনে মুক্তিপণ আদায় তৎপরতা প্রত্যক্ষ করার বিষয়ে সাক্ষ্য দেন। এ ছাড়া অপহরণকারীদের শনাক্ত করতে পুলিশের মুঠোফোন ট্র্যাকিং-সংশ্লিষ্ট ও ঘটনার আলামত জব্দ করার বিষয়ে সেলিম আহমদ, আজির উদ্দিন, আবদুল কদ্দুছ, আবুল হোসেন, সোহেল আহমদ, আবদুল আহাদ আদালতে সাক্ষ্য দেন।
নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রায়নগরের দর্জিবন্ধ এলাকার বাসিন্দা আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। ১৪ মার্চ মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাঈদের বাবা মতিন মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।