সাত প্রার্থীকে জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সাতজন প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ও বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এ জরিমানা করেন।
আবু জাফর রাশেদ জানান, চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান ভুঁইয়া ও আনিফ মাহমুদ তাঁদের নিজস্ব গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা চালান। এ কারণে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই কারণে বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী কেরামত আলী, মাহাফুজুর রহমান আকন্দ ও গোলাম মো. ফারুককে পাঁচ হাজার টাকা করে জরিমান করা হয়। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলামিন ও জাকির হোসেনকে আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়।
৩১ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।