সাত প্রার্থীর বিরুদ্ধে রয়েছে নির্বাচন কমিশনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীর মধ্যে সাতজনের বিরুদ্ধে ২০০৯ সালের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের মামলা রয়েছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় প্রার্থীরা নিজেরাই এ তথ্য দিয়েছেন। ১৯ মে এ উপজেলায় নির্বাচন হবে৷
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০০৮-এর ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে নির্বাচন শেষে ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বিধান রয়েছে। নির্বাচনের পর বিজয়ী প্রার্থীরা শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে এই হিসাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া আছে এই বিধিমালায়। এবার বাসাইল উপজেলা নির্বাচনে অংশ নেওয়া সাতজন প্রার্থী ২০০৯ সালের উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তাঁরা সেই নির্বাচনে তাঁদের ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে জমা দেননি। পরে তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়। পরে তাঁরা সবাই আদালতে হাজির হয়ে জামিন নেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্রও জমা দিয়েছে। মামলাগুলো টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযুক্ত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম আহমেদ ও সাইফুল ইসলাম। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আছেন বিএনপি-সমর্থিত আবুল কাশেম ও স্বতন্ত্র রফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আছেন আওয়ামী লীগ-সমর্থিত জোবেদা বেগম ও বিএনপি-সমর্থিত রাশেদা সুলতানা।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বিন্দ্বতা করছেন। এ উপজেলায় ভোটার এক লাখ ১৯ হাজার ২৩ জন। মোট কেন্দ্র ৪৯টি।