
‘একটু দাঁড়ান, মেপে বলি ঘুমানোর জন্য মাথাপিছু কতটুকু করে জায়গা পাই’—বললেন মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী। কত কষ্টে তাঁরা ছাত্রীনিবাসে থাকেন, তা প্রমাণ করে দিতে চান।
গত রোববার মাপজোখ শেষে মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বললেন, ঘুমানোর জন্য একজন পাশে দেড় ফুট জায়গা পান। একটু অসতর্ক হলেই বিছানা থেকে পড়ে হাত-পা ভাঙার আশঙ্কা আছে। পুরোনো ভবনে একেকটি কক্ষের দৈর্ঘ্য ১৫ ফুট, প্রস্থ ১২ ফুট। এক কক্ষে আটজন থাকেন। এক বিছানায় দুজন। খাটগুলো লম্বায় প্রায় সাত ফুট হলেও চওড়ায় তিন ফুট। অর্থাৎ জনপ্রতি সাত ফুট বাই দেড় ফুট। নতুন ভবনের নতুন কক্ষগুলো আকারে আরও ছোট। এখানে কোনোরকমে দুজন থাকতে পারেন। থাকছেন চারজন। যেটুকু না হলেই নয়, শুধু সেটুকু নিয়ে কোনোরকমে চার বছর পার করে দেওয়ার চেষ্টা করেন এঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে নার্স ও মিডওয়াইফের সংকট কাটাতে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তির হার বাড়ানো হয়েছে। কিন্তু আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়েনি। মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের এই ছাত্রীনিবাসটি চালু হয়েছে ১৯১৫ সালে। থাকার জায়গা না হওয়ায় নতুন একটি ভবন হয়েছে। তাতেও এখন আর জায়গা হচ্ছে না। কারণ, প্রথমে প্রতি ব্যাচে ২৫ জন শিক্ষার্থী নেওয়া হতো, এখন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ১০৫ জন ছাত্রী নেওয়া হয়। এখন ইনস্টিটিউটের ছাত্রীনিবাসে আছেন ২৪৯ জন। শিক্ষার্থীদের ডাইনিং রুম এখন শ্রেণিকক্ষ। আবার ক্লাস শেষে এখানে বসেই টিভি দেখেন শিক্ষার্থীরা।
কমপক্ষে সাতজন শিক্ষার্থী বলেছেন, পাস করলেই চাকরি পাবেন—এ আশায় তাঁরা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। শুধু তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চান বলে অনেকে পরিবারের অমতে এসেছেন। একবার বেরোতে পারলে বাঁচেন। তাঁরা আরও বলেন, রোগীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপদেশ দেন সব সময়, কিন্তু নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছেন না।
তবে পাস করে সরকারি চাকরি পেয়েও অনেকেই ছাত্রীনিবাসে থাকেন। নতুন ও পুরোনো ভবনের ৬৭টি কক্ষ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। কিন্তু ১১টি কক্ষে স্টাফ নার্সরা থাকেন।
নাওয়া-খাওয়া-থাকা-শোওয়া সবকিছুতেই কষ্ট: রোববার বেলা ১১টা। মিটফোর্ড ছাত্রীনিবাস। দুর্গন্ধময় নিচতলায় ঢুকতেই দেখা গেল পাশাপাশি কয়েকটি কক্ষ। একেক কক্ষের সামনে আট থেকে ১০ জোড়া স্যান্ডেল। ঘরে চারটি ছোট টেবিল। পালা করে আটজন বসেন। তিন বছরে ৩৪টি বিষয় পড়ানো হলেও বই-খাতা রাখার জায়গা হয় না। মাথার ওপর দড়িতে কত যে কাপড়চোপড় ঝুলছে তার ইয়ত্তা নেই। বই-খাতা স্তূপ করে রাখা। এত অগোছালো অবস্থা কেন, জানতে চাইলে ওই কক্ষের তিন ছাত্রী একই সুরে কথা বলতে শুরু করলেন। কাপড়চোপড় না রাখা যায় ঘরের ভেতর না বাইরে। একেকজন বারান্দায় টানানো তারে অল্প সময়ের জন্য কাপড় শুকানোর সুযোগ পান। এর মধ্যেই টুকিটাকি রাখার জন্য র্যা ক ফেলতে হয়েছে।
শুধু থাকার সমস্যাই নয়। ওই ব্লকটিতে ৩৪ জনের জন্য গোসলখানা আছে দুটি। ফলে একটি গোসলখানায় একসঙ্গে তিন-চারজনকে গোসল করতে হয়। শৌচাগার দুটির একটি নষ্ট।
নতুন ভবনেও সমস্যা আছে। কমপক্ষে তিনজন শিক্ষার্থী থাকার কষ্টের পাশাপাশি খাওয়ার কষ্টের অভিযোগ করেছেন। একজন বলছিলেন, সকালে নাশতায় এক মুঠো ভাত আর কুমড়ো বা আলু ভর্তা। দুপুরে মাছ বা মাংসের একটি টুকরো বা একটি ডিম, রাতে নিরামিষ এই হলো খাওয়া। ২৪৯ জন শিক্ষার্থীর জন্য এই মুহূর্তে পানির ফিল্টার আছে একটি। নতুন ভবনের তিনতলায় কারও পানির পিপাসা পেলে বোতল হাতে পুরোনো ভবনের তিনতলায় সিঁড়ি ভেঙে উঠতে হয়। শিক্ষার্থীরা বলছিলেন, যাঁরা চাকরি করছেন তাঁরা যদি কক্ষগুলো ছেড়ে দেন তাতেও কিছুটা সুবিধা হয়। কিন্তু তাঁরা রাজি নন।
ছাত্রীনিবাসের ইনস্ট্রাক্টর ইনচার্জ লুসি মারিয়া কস্তা বলেন, শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় থাকার সমস্যা হচ্ছে। তবে খাওয়াদাওয়ার মান আগের চেয়ে উন্নত হয়েছে।
এ বিষয়ে জানতে সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নিলোফার ফরহাদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নতুন ভবনটি ১০ তলা করলে সমস্যা সমাধান হতে পারে। এ বিষয়ে তিনি চেষ্টা করবেন।
সূত্রগুলো বলছে, এর আগে ১৫ কোটি টাকার একটি সরকারি বরাদ্দ পেয়েও কর্মকর্তারা তা কাজে লাগাতে পারেননি। স্টাফ নার্সদের কক্ষ থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই, কারণ তাহলে হাসপাতালের সেবার ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা আছে।