সাত বছর ধরে কাজেই আসছে না সেতুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে নাটোরের সদর উপজেলার গৌরীপুর খালের ওপর প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় ওই সময় থেকেই এটি অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে উপজেলার দুর্লভপুর-মহিষডাঙ্গা সড়কের পাশের খালের ওপর প্রায় ৪০ ফুট লম্বা একটি পাকা সেতু নির্মাণ করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, সেতুটির দক্ষিণ পাশে কাঁচা রাস্তা থাকলেও অপর পাশে কোনো রাস্তা নেই। প্রায় পৌনে এক কিলোমিটার মাঠ পেরিয়ে দেখা মিলল আত্রাই-মহিষভাঙ্গা সড়ক। এই পৌনে এক কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি কোনো কাজে আসছে না।মহিষডাঙ্গা গ্রামের কৃষক মাজদার হোসেন বলেন, চলাচল ও বিভিন্ন কৃষি পণ্য হাটবাজারে নিয়ে যাওয়ার জন্য তাঁরা এখানে সেতু ও রাস্তা নির্মাণের দাবি জানিয়েছিলেন। ২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা নির্মাণ করা হয়নি। গৌরীপুর গ্রামের স্কুলশিক্ষক মজিবর রহমান বলেন, আগে রাস্তা নির্মাণ করার দরকার ছিল। সেতুটি অব্যবহূত পড়ে থাকায় সরকারি টাকার অপচয় হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে এলজিইডির নাটোর সদর উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণের সময় তিনি নাটোরে ছিলেন না। তাই কোন প্রেক্ষাপটে সেতুটি নির্মাণ করা হয়েছিল, তা তিনি বলতে পারবেন না। তবে রাস্তা না করে সেতু নির্মাণ করা ঠিক হয়নি বলে জানান তিনি।