সাত বছর ধরে ঘরে বাইরে পাঠদান
দুই চালার ছোট্ট একটি টিনের ঘর। ঘরের পূর্ব ও দক্ষিণ পাশের বেড়া নেই। নেই প্রয়োজনীয় আসবাবও। এ অবস্থায় কখনো ঘরের ভেতর আবার কখনো খোলা আকাশের নিচে চলে শিক্ষার্থীদের পাঠদান। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এলে অঘোষিত ছুটি।
এই চিত্র সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা রেজিস্টার্ড (নবঘোষিত সরকারি) প্রাথমিক বিদ্যালয়ের। ভবন না থাকায় সাত বছর ধরে এ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩৩ শতক জায়গার ওপর ১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটিতে চারজন শিক্ষক ও ১২১ জন শিক্ষার্থী রয়েছে। আধা পাকা একটি ভবনে এ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছিল। কিন্তু ২০০৬ সালের জুন মাসে ঝড়ে বিদ্যালয়ের আধা পাকা ভবনটি ধসে পড়ে। এতে বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের পাঠদান।
ভবনধসের মাস খানেক পর সরকারি অনুদান ও এলাকাবাসীর সহায়তায় শিক্ষা কার্যক্রম চালানোর জন্য দোচালা ওই টিনের ঘর নির্মাণ করা হয়।
সহকারী শিক্ষক আলমগীর কবীর জানান, ভবন-সংকটের জন্য শিক্ষার্থীদের কখনো বিদ্যালয়ে আবার কখনো বিদ্যালয় প্রাঙ্গণে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। হালকা বৃষ্টি বা ঝোড়ো হাওয়া শুরু হলে বিদ্যালয় বন্ধ রাখতে হয়। ওই ঘরের এখন যা অবস্থা, তাতে যেকোনো সময় ঝড়-বৃষ্টিতে এটি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
প্রধান শিক্ষক রুমেলা আক্তার জানান, এ বিদ্যালয়ে নানা সমস্যা রয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে, ভবন সমস্যা। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানালেও এ সমস্যার সমাধান হচ্ছে না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জজ মিয়া বিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদ আলী জানান, বিদ্যালয়ের ভবন-সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এত দিন কেউ আমাকে জানাননি। শিগগিরই এ বিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’