সাত বছর ধরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্র সংসদ নির্বাচন হয় না। সর্বশেষ এক বছর মেয়াদে ২০০৪ সালে ডুয়েটের ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। ওই সংসদ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর আর নির্বাচন দেওয়া হয়নি। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েটে বিভিন্ন ছাত্রসংগঠন থাকলেও সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি আদায়ের ব্যাপারে এসব সংগঠন তেমন কোনো ভূমিকা রাখছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম হয় না বললেই চলে। বিশ্ববিদ্যালয় দিবস ও অন্যান্য জাতীয় দিবসগুলোতেও পালন করা হয় দায়সারা গোছের কর্মসূচি। ছাত্র সংসদের সাময়িকী প্রকাশিত হয় না। কিন্তু সাময়িকীসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছে প্রশাসন। শিগগির ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে ছাত্রলীগ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্র সংসদ না থাকায় অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। একই দাবি জানিয়ে ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বলেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছাড়া শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আদায় করা যায় না। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সালাউদ্দীন বলেন, ‘ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের বৈধ প্ল্যাটফর্ম। আমরা বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে প্রশাসনের কাছে দাবি-দাওয়া উত্থাপন করি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা কার্যকর হয় না। ছাত্র সংসদ থাকলে এসব সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদের স্বার্থে শিগগির বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত।’ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ বলেন, শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন চাইলেই তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র সংসদের সাময়িকী ও অন্যান্য খাতে যেসব অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়, তা নির্ধারিত তহবিলে জমা হয়।