সাত বছর ধরে পাঠাগারে পুলিশ ফাঁড়ি
কেরানীগঞ্জ উপজেলা চত্বরে মরমি কবি সিরাজুল ইসলামের স্মরণে নির্মিত কবি সিরাজুল ইসলাম পাবলিক লাইব্রেরিতে সাত বছর আগে পুলিশ ফাঁড়ি স্থাপিত হয়। এর পর থেকে শিক্ষার্থীসহ সব বয়সের মানুষ বই পড়া থেকে বঞ্চিত হচ্ছেন।
কবির পারিবারিক সূত্রে জানা যায়, ‘আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু’ ও ‘হলুদিয়া পাখি সোনালী বরণ পাখিটি ছাড়িল কে?’সহ বিভিন্ন জনপ্রিয় গানের রচয়িতা সিরাজুল ইসলামের স্মরণে ২০০২ সালে বিএনপি সরকারের আমলে কেরানীগঞ্জ উপজেলা চত্বরে একটি পাঠাগার স্থাপন করা হয়। এ পাঠাগারে কবি সিরাজুলের রচিত বিভিন্ন ধরনের গানের সংকলন ও বই এবং তাঁর কর্মজীবন সম্পর্কে বিভিন্ন বই রাখা হয়। এ ছাড়া শিক্ষার্থী ও সব ধরনের লোকজনের জ্ঞান আহরণের জন্য বিভিন্ন রকম শিক্ষামূলক বই ও জাতীয় দৈনিক পত্রিকা রাখা হতো।
কিন্তু ২০০৭ সালের শেষ দিকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে কবি সিরাজুল ইসলাম পাবলিক লাইব্রেরিটি বন্ধ করে দিয়ে সেখানে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। সেখান থেকে কবি সিরাজুল ইসলামের বইসহ অন্য বইগুলো সরিয়ে নেওয়া হয়।
শাক্তা এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র দাশ বলেন, ‘আগে আমরা পাঠাগারে এসে নিয়মিত পত্রিকা ও বই পড়তাম। কিন্তু সেখানে পুলিশ ফাঁড়ি থাকায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।’
রাজাবাড়ী এলাকার বাসিন্দা রহমান মোল্লা জানান, এ পাঠাগারে একসময় অনেক দুর্লভ বই পাওয়া যেত। কিন্তু সে বইগুলো এখন আর পড়তে পারছেন না তাঁরা।
কোনাখোলা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. মজিদ বলেন, ‘আমরা এখানে এক রুমে গাদাগাদি করে ১৪ জন পুলিশ সদস্য থাকি। এখানে থাকতে খুবই সমস্যা হয়। আমাদের নিজেদের জন্য একটি স্থায়ী ভবন করে দিলে ভালো হয়।’
কবি সিরাজুল ইসলামের মেজো ছেলে তৌহিদুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘আমার বাবা দেশের মানুষের জন্য কী কিছুই করেননি? পুলিশ প্রশাসন পাঠাগার বন্ধ করে সেখানে ফাঁড়ি স্থাপন করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দ্রুত পুলিশ ফাঁড়িটি পাঠাগার থেকে সরিয়ে নেওয়া হবে। উপজেলা চত্বরে একটি নতুন ভবন তৈরির পরিকল্পনা আছে।
এএসপি কেরানীগঞ্জ সার্কেল শহিদুল ইসলাম বলেন, তাঁরা কোনাখোলা পুলিশ ফাঁড়িটি স্থানান্তরের জন্য বিকল্প চিন্তাভাবনা করছেন। যদি খাসজমি পাওয়া যায় তবে সেখানে ফাঁড়িটি স্থানান্তর করা হবে।