সাত বছর ধরে বন্ধ জরুরি প্রসবসেবা
চিকিৎসক না থাকায় প্রায় সাত বছর ধরে নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার (সিজার) করা হচ্ছে না। ফলে তাঁদের বেশি টাকা খরচ করে বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি হতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৯ সালের ২২ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীদের জন্য প্রজনন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হয়। জরুরি প্রসবসেবা (ইওসি) কার্যক্রমের আওতায় গাইনি চিকিৎসক ও অবেদনবিদ নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০১০ সালের ৩ মে থেকে চিকিৎসক না থাকায় এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে আধুনিক ভবন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।
ইওসি বিভাগের একজন জ্যেষ্ঠ সেবিকা বলেন, অস্ত্রোপচার ছাড়াও অন্তঃসত্ত্বা নারীদের নানা পরামর্শ ও প্রাথমিক সেবা দেওয়া হয়। এখন গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিতে প্রতি মাসে প্রায় ৬০ জন নারী আসেন।
এদিকে সরকারি হাসপাতালের ইওসি কার্যক্রম বন্ধ থাকায় শহরের প্রাইভেট ক্লিনিকগুলোতে বেশি টাকায় সেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। বেসরকারি ক্লিনিকগুলোতে প্রতিটি অস্ত্রোপচারের জন্য খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। দরিদ্র মানুষের জন্য এত টাকা জোগাড় করা কষ্টসাধ্য।
সম্প্রতি উপজেলার রুহাইগ্রামের দিনমজুর ছাবের আলীর স্ত্রী নার্গিস বেগমের (২২) সন্তান হয়। তাঁর অস্ত্রোপচারের খরচ জোগাতে গিয়ে গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা তুলে ক্লিনিকের টাকা পরিশোধ করতে হয়।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দমোহন মণ্ডল জানান, চিকিৎসক সংকটের কথা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অনেক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। অথচ অন্তঃসত্ত্বা নারীদের সেবা দেওয়ার মতো সব সুবিধা তাঁর হাসপাতালে রয়েছে।