সাত বছর পর আ.লীগের জাতীয় কমিটি হচ্ছে
দীর্ঘ সাত বছর পর আওয়ামী লীগের জাতীয় কমিটি গঠিত হচ্ছে। ৩০ জানুয়ারি দলের কেন্দ্রীয় বর্ধিত সভা উপলক্ষে পূর্ণাঙ্গ জাতীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ধিত সভায় আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয় কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।আওয়ামী লীগের গঠনতন্ত্রের ১৭(ক) উপধারায় জাতীয় কমিটি গঠনের বাধ্যবাধকতা আছে। ১৭(খ গ ঘ ঙ চ ছ) উপধারায় জাতীয় কমিটির দায়িত্ব সম্পর্কে বলা আছে, জাতীয় কমিটি আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ ও কাউন্সিলের মধ্যে সমন্বয় রক্ষা করবে। আওয়ামী লীগের হিসাব-নিকাশ গ্রহণ ও অনুমোদন করবে। আওয়ামী লীগের যেকোনো সদস্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপিল বিবেচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সংসদীয় পার্টি পরিচালনার নিয়মাবলি প্রণয়ন করবে।১৭(ঝ) উপধারা অনুসারে প্রতি ছয় মাসে জাতীয় কমিটির সভা আহ্বানের বাধ্যবাধকতা আছে। জাতীয় কমিটি গঠন সম্পর্কে গঠনতন্ত্রে বলা আছে, আওয়ামী লীগের প্রত্যেক সাংগঠনিক জেলা থেকে একজন করে সদস্য স্ব-স্ব জেলা ত্রিবার্ষিক কাউন্সিল কর্তৃক জাতীয় কমিটিতে নির্বাচিত হবেন। আওয়ামী লীগের কর্মকর্তা, কার্যনির্বাহী সংসদের সদস্য এবং সভাপতি কর্তৃক মনোনীত ২১ সদস্য এবং উপযুক্তভাবে নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে জাতীয় কমিটি গঠিত হবে। গঠনতন্ত্র অনুসারে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৬৬। অর্থাত্ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৭৩ সদস্য, ৭২টি সাংগঠনিক জেলা থেকে নির্বাচিত একজন করে সদস্য এবং সভাপতির মনোনীত ২১ জনকে নিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১৬৬।২০০২ সালের ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের পর আর জাতীয় কমিটি হয়নি। ২০০৯ সালের ২৪ জুলাই দলের সর্বশেষ কাউন্সিল হয়।দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নির্দেশে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের আগামী মঙ্গলবারের মধ্যে জেলা কাউন্সিল কর্তৃক নির্বাচিত জাতীয় কমিটির সদস্যদের নাম কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদাধিকারবলে তাঁর মনোনীত ২১ সদস্যের নামও চূড়ান্ত করে সংশ্লিষ্টদের জানিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। চিঠি পাঠানো শুরু: ৩০ জানুয়ারির বর্ধিত সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে জেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছে কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি পাঠানো শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে জাতীয় কমিটির সদস্যদের কাছে চিঠি পাঠানো শুরু হবে। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ৩০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হবে। পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বর্ধিত সভা স্থানান্তর করা হবে। সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে তাঁর সরকারি বাসভবন যমুনায় আওয়ামী লীগের সাত সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করেন। সূত্র জানায়, বৈঠকে আসন্ন কেন্দ্রীয় বর্ধিত সভার প্রস্তুতি, সদস্য সংগ্রহ অভিযান ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সাংগঠনিক সম্পাদকদের কেন্দ্রীয় বর্ধিত সভার পর জেলায় জেলায় বর্ধিত সভা করার নির্দেশ দেন। এরপর উপজেলা পর্যায়ে বর্ধিত সভা হবে বলে তিনি জানান। বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিজবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ মাহমুদ আল স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। একপর্যায়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সেখানে উপস্থিত হন।