সন্দেহজনকভাবে গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর গতকাল বুধবার শুনানি গ্রহণ শুরু হয়েছে।প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। আগামী মঙ্গলবার আবার শুনানি হবে। গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) মঞ্জুরের আদেশ পড়ে শোনান। শুনানিকালে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত।এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ওই সময় গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়। হাইকোর্টের ওই সব নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত। এ বিষয়টি ১৭ আগস্টের মধ্যে আদালতকে জানানো হবে।যোগাযোগ করা হলে ব্লাস্টের আইনজীবী ইদ্রিসুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্ট ১৫ দফা নির্দেশনা ও সাত দফা সুপারিশ দিয়ে রায় দেন। তবে লিভ টু আপিল মঞ্জুরের সময় আপিল বিভাগে ১৫ দফা নির্দেশনা বহাল থাকে। এসব নির্দেশনা বাস্তবায়নে সরকার কী পদক্ষেপ নিয়েছে, প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি ছাপিয়েছে কি না, তা সরকারপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।জানা যায়, ১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রুবেল মারা যান। এ ঘটনায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে রিট করে। ওই বছরের ২৯ নভেম্বর আদালত সরকারের প্রতি রুল জারি করেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এ ব্যাপারে কয়েক দফা নির্দেশনা ও সুপারিশ দিয়ে রায় দেন।হাইকোর্টের রায়ের পর: হাইকোর্টের ওই রায়ে ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়। এ জন্য বেঁধে দেওয়া হয় ছয় মাসের সময়সীমা। আর ধারা সংশোধনের আগে এ ক্ষেত্রে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে সরকারকে বলা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিগত চারদলীয় জোট সরকার। ২০০৩ সালের ২ আগস্ট আপিল বিভাগ সরকারের লিভ মঞ্জুর করেন। তবে হাইকোর্টের ওই নির্দেশনাগুলো স্থগিত করেনি। লিভ টু আপিল মঞ্জুরের পর সরকার আপিল করে। দীর্ঘ সাত বছর পর গতকাল এ আপিলের ওপর শুনানি হয়।নির্দেশনার অংশবিশেষ: ডিটেনশন (আটকাদেশ) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে না। কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে এর কারণ জানাতে হবে। বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া অন্য স্থান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নিকটাত্মীয়কে এক ঘণ্টার মধ্যে টেলিফোন বা বিশেষ বার্তাবাহক মারফত বিষয়টি জানাতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে তাঁর পছন্দসই আইনজীবী ও নিকটাত্মীয়ের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে। ওই ব্যক্তিকে পুনরায় জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের অভ্যন্তরে কাচ নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তাঁর আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে। পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবেন।