সাত বছর পর রাজশাহী বিশ্ব-বিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের ২৬ জুন আহমেদ আলীকে সভাপতি ও আবু হুসাইনকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। আহমেদ আলী ও আবু হুসাইন জানান, মেধা, যোগ্যতা, দলের প্রতি আনুগত্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে স্বচ্ছতার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সবার সহযোগিতায় ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করাসহ সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। ক্যাম্পাসের রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ছাত্রলীগের নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।