সাত বছর পর জোড়া যমজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের সাত বছর পর প্রথম সন্তান হলেও খুশি হতে পারছেন না পারভীন সুলতানা বা তাঁর স্বামী মহিউল ইসলাম। কারণ, জোড়া লাগানো যমজ শিশুর জন্ম দিয়েছেন পারভীন। আর তারা জন্ম নিয়েছে একটি যকৃৎ ও হূৎপিণ্ড নিয়ে। চিকিৎসকেরা বলেছেন, শিশু দুটি যেভাবে জন্ম নিয়েছে, তাতে বিদেশ ছাড়া তাদের অস্ত্রোপচার করে পৃথক করা সম্ভব হবে না।গত ২২ ডিসেম্বর পারভীন সুলতানাকে খুলনার খালিশপুর ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইসমত আরা অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো দুটি কন্যাশিশু ভূমিষ্ঠ করান। লক্ষণীয়, তিনবার আলট্রাসনোগ্রাম করা হলেও জোড়া শিশুর কোনো ইঙ্গিত ধরতে পারেননি চিকিৎসকেরা। মহিউল দম্পতির বাড়ি মনিরামপুরের হাকোবা গ্রামে। গত সোমবার জোড়া লাগানো শিশু দুটিকে বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে এলাকার শত শত মানুষ তাদের দেখতে ভিড় জমায়। শিশুদের মা পারভীন জানিয়েছেন, শিশু দুটিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিশেষজ্ঞ চিকিৎসক লে. কর্নেল নুরুন্নাহারকে দেখিয়েছেন। তিনি পরীক্ষা করে জানান, তারা একটি যকৃৎ ও একটি হূৎপিণ্ডের মাধ্যমে বেঁচে আছে। বাবা মহিউল বলেন, চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, বিদেশে ছাড়া দুজনের শরীর আলাদা করা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার সকালে মহিউলের বাড়িতে গিয়ে দেখা যায় জোড়া শিশু দুটিকে দেখতে বেশ ভিড়। সেখানে উপস্থিত মনিরামপুর কলেজের সহকারী অধ্যাপক অমল কান্তি চ্যাটার্জি বলেন, তিনি অনেক অদ্ভুত মানবশিশুর জম্মের কথা শুনলেও এবারই প্রথম নিজ চোখে এ রকম কিছু দেখলেন।শিশু দুটির নাম রাখা হয়েছে লামিয়া ও লাবিয়া।