প্রায় সাড়ে সাত বছর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্যের এই কমিটিতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং আ জ ম নাছিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
মৃণাল কান্তি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলের প্রধান শেখ হাসিনা গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কমিটির অনুমোদন দেন। কমিটির সহসভাপতি নয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাকি ৬৯ জনের নাম প্রকাশ করবেন।
২০০৬ সালের জুনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীকে নগর কমিটির সভাপতি এবং কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরে এই কমিটির পরিধি কিছুটা বাড়ানো হলেও সাড়ে সাত বছরেও তা পূর্ণাঙ্গ করা হয়নি। জাতীয় নির্বাচনের আগমুহূর্তে দলীয় সভানেত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিলেন।
দলীয় সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক ইন্তেকাল করেন। পূর্ণাঙ্গ কমিটিতে আ জ ম নাছিরউদ্দিনকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ক্ষেত্রে আওয়ামী লীগের একজন প্রবীণ নেতার ভূমিকা রয়েছে। ওই নেতার চেষ্টায় আ জ ম নাছির সাধারণ সম্পাদক হন।
নগর কমিটির সভাপতি মহিউদ্দিন বলেন, ‘নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত। আ জ ম নাছির দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।
তবে নগর আওয়ামী লীগের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে শুনেছি। তালিকা পাওয়ার পর এ বিষয়ে আমি বক্তব্য দেব।’ আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরীও এই মুহূর্তে কোনো মন্তব্য জানাতে অস্বীকৃতি জানান।
এদিকে আ জ ম নাছিরকে সাধারণ সম্পাদক করা নিয়ে নগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নাম আসায় বেশির ভাগ নেতা-কর্মীর পছন্দ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে আ জ ম নাছিরকে মাঠে দেখা যায়নি। ক্ষমতায় এলে তিনি সরব হয়ে ওঠেন। আসলে তিনি সুসময়ের রাজনীতিক।’
তবে আরেক নেতা ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্ম আ জ ম নাছিরকে চায়।’