সাত বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে সাত বছর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্যের এই কমিটিতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং আ জ ম নাছিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

মৃণাল কান্তি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কমিটির অনুমোদন দেন। কমিটির সহসভাপতি নয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাকি ৬৯ জনের নাম প্রকাশ করবেন।

২০০৬ সালের জুনে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীকে নগর কমিটির সভাপতি এবং কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরে এই কমিটির পরিধি কিছুটা বাড়ানো হলেও সাড়ে সাত বছরেও তা পূর্ণাঙ্গ করা হয়নি। নির্বাচনের আগমুহূর্তে দলীয় সভানেত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিলেন।
গত ২২ সেপ্টেম্বর ইনামুল হক ইন্তেকাল করেন। পূর্ণাঙ্গ কমিটিতে আ জ ম নাছিরউদ্দিনকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ আ জ ম নাছির দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।