সাত বছর পর পেলেন বোনকে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফজিলাতুন্নেছার বয়স এখন ২৪ বছর। ১০ বছর বয়সে তাঁকে বিয়ে দেন তাঁর পরিবারের লোকজন। বিয়ের কিছুদিন পরই কোলজুড়ে আসে ছেলে শফিকুল ইসলাম। এখন তার বয়স ১২ বছর। ফজিলাতুন্নেছার স্বামী সবুজ হাওলাদার (৪৫) পরে আরেকটি বিয়ে করেন। স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পারায় ফজিলাতুন্নেছার মানসিক সমস্যা দেখা দেয়। একপর্যায়ে স্বামীর বাড়ি ছেড়ে তাঁর আশ্রয় হয় বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের কাটাখালী গ্রামে বাবা ইসহাক আলী হাওলাদারের বাড়িতে। এদিকে নদীভাঙনে ইউনিয়নটি বিলুপ্ত হলে বসতবাড়ি হারান তাঁর মা-বাবা। পাঁচ বছরের সন্তান শফিকুলকে রেখেই এক দিন পরিবার থেকে নিখোঁজ হন ফজিলাতুন্নেছা। এরপর কেটে যায় সাতটি বছর। শিশু শফিকুলের কথা চিন্তা করে পরিবারের লোকজন দেশের বিভিন্ন স্থানে ফজিলাতুন্নেছার খোঁজ করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান না পেয়ে ধরেই নিয়েছেন, তাঁকে আর পাওয়া যাবে না। এদিকে ঘুরতে ঘুরতে ফজিলাতুন্নেছা ২০১০ সালের দিকে চলে আসেন ময়মনসিংহের নান্দাইল পৌরশহরে। একপর্যায়ে আশ্রয় নেন পৌর এলাকার চারিআনি পাড়া গ্রামের মোজামেঞ্চল হকের বাড়িতে। ওই বাড়ির মানুষ তাঁকে পরিবারের সদস্যের মতোই আপন করে নেন। প্রায় সাড়ে তিন বছর ওই বাড়িতে কাটে তাঁর। সবার স্নেহ ও ভালোবাসায় মাস ছয়েক আগে সুস্থ হয়ে ওঠেন ফজিলাতুন্নেছা। ওই বাড়ির সদস্য নান্দাইল শহীদ সঞ্চৃতি আদর্শ কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, ‘ফজিলাতুন্নেছা একসময় আমাদের কাছে তাঁর পরিবারের কথা খুলে বলেন। পরে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেনের মাধ্যমে বাকেরগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবারকে ফজিলাতুন্নেছার অবস্থানের কথা জানিয়ে দিই। এরপর গত বুধবার ফজিলাতুন্নেছার ভাই খলিলুর রহমান ঢাকা থেকে ছুটে আসেন।’মোজামেঞ্চল হকের বাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, আনন্দ-বেদনামিশ্রিত পরিবেশে পরিবারের লোকজনের সঙ্গে ফজিলাতুন্নেছা কথা বলছেন। তাঁর ভাই খলিলুর রহমান বারবার আশ্রয়দাতা পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।এ সময় খলিলুর রহমান বলেন, ‘অনেক খোঁজাখুঁজির পর বোনকে পেয়ে কত খুশি হয়েছি, বলতে পারব না।’ ফজিলাতুন্নেছা বলেন, ‘কীভাবে আমি এই বাড়ি এসেছি কিচ্ছু বলতে পারি না। সম্ভবত আমি ছেলের জন্যই বাঁইচা আছি।’এরপর বেলা ১১টার দিকে দুই ভাইবোন জলসিঁড়ি পরিবহনের একটি বাসে চড়ে বাড়ির পথে রওনা দেন। বাস থেকে অশ্রুসিক্ত নয়নে আশ্রয়দাতাদের প্রতি বারবার তাকান। এ সময় বাসস্টেশনে দাঁড়িয়ে থাকা মোজাম্মেল হকের পরিবারের সদস্যরা হাত নেড়ে বিদায় জানান।