সাত বছর পর বগুড়া ছাত্রলীগের সম্মেলন আজ
দীর্ঘ সাত বছর পর আজ শুক্রবার বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কমিটিতে স্থান পাওয়া নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা।বেলা ১১টায় বগুড়ায় জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল মিলনায়তনে সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংসদ আবদুল মান্নান। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৮ এপ্রিল জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে সভাপতি হিসেবে শুভাশীষ পোদ্দার ও সাধারণ সম্পাদক হিসেবে সুলতান মাহমুদ খানকে নির্বাচিত করা হয়। কিন্তু দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন মেলেনি। অবশেষে ৩ জুন জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় কমিটির অনুমোদন দেওয়া হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হন। এই অবস্থায় কেন্দ্রীয় কমিটি সম্মেলন করার নির্দেশ দেয়। এরপর থেকেই নেতা-কর্মীদের তৎপরতা বেড়ে যায়। যাঁরা এত দিন দলীয় কার্যালয়ে আসেননি, এখন তাঁরা প্রতিদিন কার্যালয়ে আসছেন। ৪ জুন বর্ধিত সভার পর নেতা-কর্মীরা তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিতে শুরু করেন।ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের মধ্যে কোন্দলের কারণে বিগত সাত বছরে সাংগঠনিক কোনো কাজ হয়নি। সভাপতি শুভাশীষ পোদ্দার একটি ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান অন্য একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন। জেলার ১২টি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি হয়নি।