সাত বছর পর বসত ভিটায় ১২ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পালিয়ে থাকার পর অবশেষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খাদুলী গ্রামের ১২টি নির্যাতিত পরিবার গতকাল শনিবার শূন্য বসতভিটায় ফিরেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তারা ফিরতে পেরেছে।
নির্যাতিত পরিবারের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, তাদের সবকিছু লুট করে নিয়ে যাওয়ায় তারা সর্বস্বান্ত হয়ে পড়েছে। পুনরায় প্রভাবশালী ব্যক্তিরা মারধর করতে পারেন, তারা এখনো এই আশঙ্কায় রয়েছে।
পুলিশ-প্রশাসন থেকে বলা হয়েছে, এসব নির্যাতিত পরিবারের ভীতি দূর করতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের পাশে প্রশাসন আছে, থাকবে।
উপজেলা প্রশাসন, থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গ্রামের পাশের মাঠে প্রায় ৮০ বিঘা খাস ফসলি জমি ও পুকুরের দখল নিয়ে গ্রামের প্রভাবশালী নজরুল ইসলাম, নান্নু মিয়া, কোরবান আলী, মকবেল হোসেন, আবু শাহীনসহ বেশ কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের সৈয়দ আলীদের দ্বন্দ্ব চলে আসছিল। এই জমিগুলোর দখল নিয়ে ২০০৯ সালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে লাবু মিয়া নামের একজন খুন হন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, খুনের পর প্রভাবশালী ব্যক্তিরা সৈয়দ আলীদের ১২টি পরিবারের ওপর ব্যাপক অত্যাচার-নির্যাতন চালান। প্রভাবশালী ব্যক্তিরা প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে সর্বস্ব নিয়ে যান। প্রাণ বাঁচাতে তারা অন্য গ্রামে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেয়। এরপর থেকে এই ১২টি পরিবার গ্রামছাড়া ছিল। বিষয়টি নিয়ে উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমামের নির্দেশে গত শনিবার ওই গ্রামের অধিবাসীদের নিয়ে একটি শান্তি সভা আহ্বান করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ঘরছাড়া পরিবারগুলোকে বাড়িতে তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, প্রভাবশালী পক্ষের নেতৃত্বদানকারীদের মধ্যে নজরুলসহ কয়েকজন সভায় আসেননি। তাঁরা পলাতক রয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।
নির্যাতিত পরিবারগুলোর মধ্যে সৈয়দ আলী বলেন, ‘এত দিন যাঁরা আমাদের ওপর নির্যাতন করেছেন, তাঁদের অনেকেই শান্তি সভায় উপস্থিত ছিলেন না। ফলে আমরা বাড়িতে ফিরেও নিরাপদ বোধ করছি না। বর্তমানে ভিটামাটি ছাড়া আমাদের আর কিছুই নাই। কীভাবে বাড়িঘর তৈরি করব, এই চিন্তায় হতাশ হয়ে পড়েছি।’