সাত বছর পর বাস চালু এলাকাবাসীর স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুরমা-মৌলভীবাজার সড়কে সাত বছর পর আবার যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে এবং উপজেলা প্রশাসনের পরামর্শে মালিকেরা গত রোববার থেকে বাস চালু করেন। এ উপজেলায় নানা কারণে বন্ধ থাকা অপর দুটি সড়কে শিগগিরই বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্র ও বাসমালিকদের সূত্রে জানা গেছে, কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা তল্লাশিচৌকি থেকে মৌলভীবাজার জেলা সদর পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী বাস চলাচল করত। এসব বাসে তখন কমলগঞ্জের শিক্ষার্থীরা জেলা সদরে গিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস করতে পারত। সাধারণ যাত্রীরাও কম ভাড়ায় যাতায়াত করতে পারত। জ্বালানি তেলের দাম বাড়াসহ নানা কারণে ২০১০ সালে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ইচ্ছামাফিক ভাড়া বাড়ালে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। অটোচালকদের কারণে শমশেরনগর-মৌলভীবাজার ও পতনউষার-মৌলভীবাজার সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে।

কয়েকজন যাত্রী অভিযোগ করেন, সিএনজির চালকেরা ঈদুল ফিতরের দিন থেকে ঈদ বোনাস দাবি করে প্রথম দুই-তিন দিন যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি ভাড়া আদায় করেছেন। ঈদের এক সপ্তাহ পরও ভাড়া না কমায় যাত্রীরা প্রতিবাদ জানালে চালকেরা গ্যাসের দাম বাড়ার অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি করেন। যাত্রীরা এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। এ নিয়ে ৬ জুলাই প্রথম আলোয় ‘ইচ্ছামতো বাড়ানো হয় অটোরিকশা ভাড়া, ভোগান্তি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

যাত্রীদের অভিযোগ পেয়ে কমলগঞ্জের ইউএনও বাসমালিকদের ডেকে সভা করে পর্যায়ক্রমে বন্ধ থাকা সব কটি যাত্রীবাহী বাস আবার চালু করার অনুরোধ জানান। নির্বাহী কর্মকর্তার অনুরোধে রোববার থেকে প্রথমে বন্ধ থাকা কুরমা-মৌলভীবাজার সড়কে আবার যাত্রীবাহী বাস চালু করেন বাসমালিকেরা।

জানা যায়, কুরমা থেকে কমলগঞ্জ উপজেলা সদরে অটোরিকশার ভাড়া নেওয়া হয় ৬০ টাকা। কুরমা থেকে জেলা সদরের ভাড়া নেওয়া হয় ৯০ টাকা। বাসে কুরমা থেকে কমলগঞ্জ উপজেলা সদরের ভাড়া ৩৫ ও জেলা সদরের ভাড়া ৫৫ টাকা।

কলেজছাত্র অঞ্জন দেবনাথ, শিক্ষক লাভলী বেগমসহ কয়েকজন বাসযাত্রী বলেন, দীর্ঘ সাত বছর যাত্রীবাহী বাস না থাকায় এ সুযোগে অটোচালকেরা দফায় দফায় ইচ্ছামতো ভাড়া বাড়িয়েছেন। এখন আবার বাস চলাচল শুরু হওয়ায় তাদের দুর্ভোগ অনেকটা কমে যাবে।

গতকাল সোমবার কমলগঞ্জের ইউএনও বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তিনি বাসমালিকদের কুরমা-মৌলভীবাজার সড়কে বাস চালু করার নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বন্ধ থাকা অন্যান্য সড়কে বাস চলাচল শুরুর ব্যবস্থা করবেন তিনি।