সাত বছর পর রাজশাহী বিএনপিতে নতুন নেতৃত্ব
দীর্ঘ সাত বছর পর রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এই দুই কমিটির শীর্ষ চারটি পদের তিনটিতেই নতুনদের নেতৃত্বে নিয়ে আসা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নগর বিএনপির সভাপতি পদ থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে বাদ দিয়ে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলায় সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেনকে।
মুঠোফোনে তাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, মোসাদ্দেক হোসেনকে সভাপতি ও শফিকুল হককে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর বিএনপির ৩৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলায় সভাপতি করা হয়েছে তোফাজ্জল হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মতিউর রহমানকে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন। সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
মহানগর বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান মিনুকে সভাপতি ও শফিকুল হককে সাধারণ সম্পাদক করে ২০০৯ সালে রাজশাহী মহানগর কমিটি গঠিত হয়। ২০১৪ সালের আগস্টে রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেনকে নগর যুবদলের আহ্বায়কের পদ থেকে বাদ দিয়ে নগর কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি কেন্দ্রীয় বিএনপির সর্বশেষ সম্মেলনে বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। শফিকুল হক পান কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব।
এদিকে ২০০৯ সালে নাদিম মোস্তফাকে সভাপতি ও কামরুল মনিরকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। জেলার নতুন দায়িত্ব পাওয়া তোফাজ্জল হোসেন জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সহসভাপতি এবং মতিউর রহমান সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রাজশাহী জেলা ও নগর বিএনপির তিনজন নেতা প্রথম আলোকে বলেন, মিজানুর রহমান ও নাদিম মোস্তফা দায়িত্বে থাকাকালে আধিপত্য বিস্তার নিয়ে বারবার দ্বন্দ্বে জড়িয়েছে জেলা ও নগর বিএনপি। কেন্দ্রীয় বিএনপির গত সম্মেলনে মিজানুর রহমান মিনুকে যুগ্ম মহাসচিব পদ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা (আলংকারিক পদ) করা হয়। এবার তাঁকে নগর বিএনপির সভাপতি পদ থেকে সরানো হলো। অপরদিকে নাদিম মোস্তফাকে গত সম্মেলনে বিএনপির বিশেষ সম্পাদক থেকে সদস্য করা হয়। এবার জেলা কমিটি থেকে বাদ দেওয়া হলো তাঁকে। এর মধ্যে দিয়ে রাজশাহী বিএনপিতে মিনু-নাদিম যুগের অবসান হলো।