সাত বছর পর লোহাগড়া ছাত্রদলের সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা, পৌর ও লোহাগড়া কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে সাত বছর পর কাল শুক্রবার সম্মেলন অনুষ্ঠিত হবে। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল কাদের শিকদার। ২০০৪ সালে উপজেলা, পৌর ও লোহাগড়া কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি টিপু সুলতান উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। পাঁচ বছর আগে উপজেলা বিআরডিবির সভাপতি হয়েছিলেন তিনি। একাধারে তিনি ব্যবসায়ী ও বিবাহিত।উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রমিজ রাজা ২০০৫ সালে বিদেশে চলে গেলে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আকিদুল ছাত্রত্ব হারিয়েছেন অনেক আগেই। তিনি দুই সন্তানের জনক, পেশা ব্যবসা। সাংগঠনিক সম্পাদক মিলন শেখ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান দীর্ঘদিন ধরে চাকরি করছেন।উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি টিপু সুলতান বলেন, উপজেলা ছাত্রদলের মতো পৌর ও লোহাগড়া কলেজ শাখা ছাত্রদলের অধিকাংশই অছাত্র, বিবাহিত, চাকরিজীবী ও ব্যবসায়ী। ফলে দীর্ঘদিন ধরে লোহাগড়ায় ছাত্রদলের কার্যক্রম স্থবির হয়ে আছে। এবার শুক্রবারের সম্মেলনে প্রকৃত ছাত্রদের দিয়েই কমিটি গঠিত হবে।