সাত বছর পর সুনামগঞ্জ ছাত্রদলের সম্মেলন কমিটি ঘোষণা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয়নি। সম্মেলনস্থলে বর্তমান জেলা সভাপতি ও সম্পাদকের সমর্থকদের মধ্যে হাতাহাতি হলে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ১৩৫ জন প্রতিনিধির লিখিত মতামত নেন। পরে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে তাঁরা চলে যান।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘সব মিলিয়ে আমাদের কর্মী সম্মেলন সফল হয়েছে। পুরো জেলা থেকে নেতা-কর্মীরা বিপুল উৎসাহ নিয়ে সম্মেলনে অংশ নেন।’সম্মেলনের প্রধান অতিথি শহীদুল ইসলাম বলেন, ‘আমরা লিখিতভাবে প্রতিনিধিদের মতামত নিয়েছি। এর ভিত্তিতেই সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্বাচিত হবে। ঢাকা থেকে পরবর্তী সময়ে জেলা আহ্বায়ক কিংবা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সম্মেলন শুরু হয় বিকেল সাড়ে চারটায়। ১০ মিনিটের মধ্যে জেলা সভাপতি এ টি এম হেলাল ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি হয়। দুই পক্ষের নেতাকে নিয়ে দেওয়া মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে মিলনায়তন থেকে সবাইকে বের করে দিয়ে ১৩৫ জন প্রতিনিধির লিখিত মতামত নেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলন শুরুর আগে সম্মেলনস্থলের পাশে রাখা একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৩৫টি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি আটক করে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল ইসলাম। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওমর ফারুক, সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।