সাত বছর পর স্বজন ফিরে পেলেন প্রতিবন্ধী নারী

নিখোঁজ হওয়ার সাত বছর পর মানসিক প্রতিবন্ধী এক নারী তাঁর পরিবারের কাছে ফিরে গেছেন। গত মাসে পুলিশের এক কর্মকর্তা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ময়লা-আবর্জনার স্তূপ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পান। গতকাল শনিবার হাসপাতাল থেকে ওই নারীকে তাঁর পরিবারের সদস্যরা নিয়ে যান।
ঢাকার ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘গত মাসে সোনারগাঁ থানায় কর্মরত ছিলাম। ১৮ সেপ্টেম্বর ময়লা-আবর্জনার স্তূপ থেকে প্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করি। নিজ হাতে তাঁর সেবা-যত্ন করেছি এবং চিকিৎসার খরচ দিয়েছি। প্রথম আলোর প্রতিবেদনটি নিয়ে গত শুক্রবার ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরাভাঙ্গা মসজিদ এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন ওই নারীকে তাঁর মা হিসেবে দাবি করেন। এলাকায় খোঁজখবর নিয়ে গতকাল পরিবারের কাছে তাঁকে হস্তান্তর করেছি।’
গিয়াস উদ্দিন গতকাল মুঠোফোনে বলেন, ‘আমার মা বেগম আক্তার ১৯৯০ সাল থেকে মানসিক ভারসাম্যহীন। তিনি ২০০৯ সাল থেকে নিখোঁজ ছিলেন। গত বুধবার এক আত্মীয় প্রথম আলোর খবরটি নিয়ে আমাদের বাড়িতে আসে। পত্রিকা পড়ে সব জানতে পারি। খোঁজখবর নিয়ে পঙ্গু হাসপাতালে যাই। আমার বাবা আনোয়ার হোসেন ১০ বছর আগে মারা গেছেন। আমরা তিন ভাই, তিন বোন। মাকে ফিরে পেয়ে মনে হচ্ছে আমি সব জয় করে ফেলেছি।’
প্রতিবন্ধী ওই নারীকে নিয়ে গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘অসহায় নারীর পাশে পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।