সাত বছরে অপহূত ৬, মুক্তিপণে মুক্ত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত সাত বছরে ছয় ব্যক্তি অপহূত হয়েছেন। তিন ব্যবসায়ীসহ পাঁচজনের কোনো খোঁজ মেলেনি। একজন প্রবাসী ব্যবসায়ী কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
ছয়টি অপহরণের ঘটনায় দুটির ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো হতাশা প্রকাশ করেছে। এ ছাড়া চট্টগ্রামে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের বিএনপি নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণের পর সাড়ে ১০ বছরে নগর ও জেলার বিভিন্ন থানায় প্রায় ১০০ অপহরণ মামলা নথিভুক্ত হয়েছে। এসব মামলা অবশ্য প্রায় সবই মেয়েঘটিত। জামালউদ্দিনের পর ব্যবসায়ী মোজাফফর আহমেদ, চিকিৎসক নুসরাত আলম, ঠিকাদার শহীদুল ইসলাম, বোয়ালখালীর বিএনপি নেতা নজরুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী আবু আহম্মেদ ও সর্বশেষ স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী অপহরণ বা নিখোঁজ হন। এক কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান আবু আহম্মেদ। অন্য পাঁচজনের হদিস নেই। ঠিকাদার শহীদুলের পরিবার ছাড়া অন্য পাঁচটি ঘটনায় ভুক্তভোগীর পরিবার অপহরণ মামলা করেছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে বলেন, জামালউদ্দিন অপহরণের পর তিন-চারটি বড় ঘটনা ঘটেছে চট্টগ্রামে। গত এক দশকে মেয়েঘটিত ব্যাপারে আরও শতাধিক মামলা হয়েছে। তিনি বলেন, ‘মুক্তিপণের অভিযোগ আসা মামলাগুলোকে আমরা অধিক গুরুত্ব দিয়েছি। সম্প্রতি ফটিকছড়ির এক ব্যবসায়ী কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। সেই ঘটনায় তদন্ত করে আমরা পাঁচ আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।’ জামালউদ্দিন অপহূত হন ২০০৩ সালের ১৩ জুলাই। তখন এ ঘটনাটি দেশজুড়ে খুবই আলোচিত ছিল। ২০০৫ সালের ২৪ আগস্ট ফটিকছড়ির গহিন এলাকায় তাঁর কঙ্কাল পাওয়া যায়। চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, জামালউদ্দিন অপহরণ ঘটনার পর চট্টগ্রামের পরিস্থিতি কিছুদিন ভালো ছিল। এখন আবার ব্যবসায়ীরা অপহরণের শিকার হচ্ছেন। স্বর্ণ ব্যবসায়ী মৃদুলসহ কয়েকজনকে পাওয়া যাচ্ছে না, যা উদ্বেগজনক। তিনি সন্ত্রাসীদের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে দু-একটি অভিযোগ এসেছে, তা তদন্ত করার দাবি জানান।
ব্যবসায়ী মোজাফফর: ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাফফর আহমদ (৬৫) বাসার অদূরে আগ্রাবাদ ভ্যাট ক্লাবে যান। রাতে তিনি আর বাসায় ফেরেননি। পরদিন ১০ সেপ্টেম্বর তাঁর স্ত্রী জাহানারা বেগম ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর কোনো খোঁজ না পেয়ে একই বছরের ১৪ সেপ্টেম্বর অপহরণ মামলা করা হয়। পুলিশ সূত্র জানায়, মোজাফফর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নিয়েও কোনো তথ্য পায়নি গোয়েন্দা পুলিশ। ২০০৮ সালে মামলাটি সিআইডিতে পাঠানো হয়। ছয় বছর ধরে সিআইডি কোনো কিনারা করতে পারেনি। পরে গত ডিসেম্বরে তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক সিরাজুল ইসলাম চৌধুরী চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ী মোজাফফর বাসায় ফেরেননি, এটা সত্য। আমরাও কোনো কিনারা করতে পারিনি। পরে কোনো তথ্য পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে।’ ব্যবসায়ীর স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘ছয় বছর হলেও জানি না আমার স্বামী জীবিত না মৃত। তাঁর পরিণতি জামালউদ্দিনের মতো হয়েছে কি না, সেটাও জানি না।’
চিকিৎসক নুসরাত: একইভাবে সাড়ে ছয় বছর পার হলেও চিকিৎসক নুসরাত আলম অপহরণ রহস্যেরও কিনারা হয়নি। নুসরাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি কোর্স করছিলেন। প্রতিদিনের মতো ২০০৭ সালের ৮ সেপ্টেম্বর সকালে বাসা থেকে হাসপাতালে যান। বিকেলে রিকশা চড়ে লালখান বাজারের বাসার উদ্দেশে রওনা হলে নিখোঁজ হন। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করে পরিবার। পরে পুলিশ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। নুসরাতের বাবা নারাজি দিলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এ মামলায় সিআইডির পরিদর্শক কাজল বড়ুয়া গত ডিসেম্বরে আবার চূড়ান্ত প্রতিবেদন দেন আদালতে। নুসরাতের বাবা নুরুল আলম ভূঁইয়া বলেন, ‘জলজ্যান্ত একটি মানুষ পাওয়া যাচ্ছে না। পুলিশ ছয় বছরেও কিছুই করতে পারেনি। চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে একবার নারাজি দিয়েছি। আর কত দেব?’ জানতে চাইলে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. মুসলিম বলেন, ব্যবসায়ী মোজাফফর ও ডা. নুসরাত অপহরণের কূলকিনারা করা যায়নি। পরে কোনো তথ্য পাওয়া গেলে উভয় মামলা পুনরুজ্জীবিত করা হবে।
কোটি টাকা দিয়ে রক্ষা: আবু আহম্মেদ নামের দুবাইফেরত এক ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ আদায় করে ফটিকছড়ির একটি সন্ত্রাসী দল। গত বছরের ৩ আগস্ট নগরের আতুরার ডিপো এলাকার নিজ বাসার সামনে আবু অপহূত হন। সাত-আটজন সন্ত্রাসী তাঁকে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে মাইক্রোবাস থেকে নামিয়ে প্রায় এক কিলোমিটার হাঁটিয়ে পাহাড়ে চোখ বেঁধে আটকে রাখে। আবুর পারিবারিক সূত্র জানায়, অপহরণকারীরা আবুর চাচাতো ভাই নেজামের কাছ থেকে রাউজানের গহিন এলাকায় এক কোটি টাকা গ্রহণ করে। পরদিন ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আবদুর রহিম, মহসিন উদ্দিন, শহিদুল্লাহ, হামিদ হাসান ও দিদারুল আলমকে গ্রেপ্তার করে। ঘটনার মূল পরিকল্পনাকারী নুর উদ্দিন পলাতক। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, আবুর কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ নিয়েছে অপহরণকারীরা। মূল অপহরণকারী নিজ গ্রামে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য মসজিদ-মাদ্রাসায় দান-খয়রাতও করেছেন।
বোয়ালখালীর নজরুল: গাজীপুর চৌরাস্তার মাথা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদাপোশাকের ছয় ব্যক্তি ২০১০ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের বোয়ালখালীর নজরুলকে গাড়িতে তুলে নেয়। সোয়া তিন বছর পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন। পরিবারের অভিযোগ, র‌্যাব পরিচয়ে সাদাপোশাকের ছয় ব্যক্তি তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। নজরুলের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা ও নারী নির্যাতন আইনে বোয়ালখালী থানায় ১৯টি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। নজরুলের ছোট ভাই হামিদুল হক বলেন, ভাইয়ের শোকে মা এখনো শয্যাশায়ী। মাঝেমধ্যে ‘আমার ছেলে কই’ বলে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সবারই একই অবস্থা।
সিরাজ চেয়ারম্যান: ফটিকছড়ির লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঠিকাদার এস এম শহীদুল আলম ওরফে সিরাজ চেয়ারম্যান ২০১২ সালের ১ মার্চ ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়েন। ৬ মার্চ রাত ১১টায় স্ত্রী সুলতানা সিরাজের সঙ্গে মুঠোফোনে তাঁর সর্বশেষ কথা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় পাঁচলাইশ ও ফটিকছড়ি থানায় দুটি জিডি হয়েছে। সিরাজ চেয়ারম্যানের ছোট ভাই এস এম ওয়াহিদুল আলম বলেন, ‘আমার ভাই ব্যবসায়ী ছিলেন। এলাকায় সামাজিক কাজ করতেন। তাঁকে কারা নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, সেই প্রশ্নের জবাব পাচ্ছি না।’