সাত বছরে আড়াই হাজার অভিযোগ, ৪ মাসে ৩৬৮১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম চার মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ এসেছে সাড়ে তিন হাজারের বেশি। অথচ এর আগের সাত বছরে এসেছিল মাত্র আড়াই হাজার অভিযোগ। আগের অভিযোগগুলোর ৮২ শতাংশই ছিল একটি ধারায়। অধিদপ্তর বলছে, এ বছর অন্য ধারাগুলোতে অভিযোগ বাড়ছে।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অধিদপ্তরের কর্মকাণ্ডের প্রচার বৃদ্ধি, সহজে প্রতিকার পাওয়া, নিয়মিত গণশুনানি হওয়া, সহজে অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ রাখায় অভিযোগের সংখ্যা বাড়ছে। প্রতিকার পাওয়া ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন।
২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করা হয়েছিল। ভোক্তা অধিকারবিরোধী কাজের বিরুদ্ধে এ আইন অনুসারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা যায়। তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আছে জরিমানা বা কারাদণ্ডের বিধান। জরিমানা হলে ভোক্তাকে মোট জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে দেওয়া হয়।
চলতি বছরের প্রথম চার মাসেই অধিদপ্তরে অভিযোগ এসেছে ৩ হাজার ৬৮১টি। অথচ ২০১১, ২০১২ ও ২০১৩ এই তিন বছরে মোট অভিযোগই ছিল ১০৬টি।
অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর প্রথম আলোকে বলেন, ভোক্তাদের অভিযোগের সংখ্যা বিপুল হারে বাড়ছে। অধিদপ্তরে অভিযোগ জানিয়ে প্রতিকার পাওয়ায় ভোক্তাদের আস্থা ও উৎসাহ বেড়েছে। ভোক্তারা সহজে অনলাইনে অভিযোগ জানাতে পারছেন। অধিদপ্তর নিয়মিত গণশুনানির আয়োজন করায় দ্রুত অভিযোগের সমাধান হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে অনলাইনে অভিযোগ করার প্রক্রিয়াটি চালু করেছেন তাঁরা।
কেন বেড়েছে অভিযোগ
অধিদপ্তর সূত্রে জানা যায়, আগের বছরগুলোয় শুধু ঢাকা কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হতো। এ বছরের শুরু থেকে ঢাকা কার্যালয় ছাড়া ৬০টি জেলা কার্যালয়ে গণশুনানি আয়োজন করা হচ্ছে। ২০১৫ ও ২০১৬ দুই বছরে অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে গণশুনানি হয় ২৯টি। এ বছরের প্রথম চার মাসে শুধু ঢাকা কার্যালয়েই গণশুনানি হয়েছে ১৬টি। এর বাইরে জেলা কার্যালয়গুলোতে চলতি বছরের জানুয়ারি থেকে গণশুনানি হয়েছে ১২০টি।
অধিদপ্তরের ভোক্তা অভিযোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম আরেফিন বলেন, নিয়মিত গণশুনানি হওয়া ছাড়াও অধিদপ্তরের কর্মকাণ্ডের প্রচার বেড়েছে, সঠিক প্রমাণ থাকলে সহজেই প্রতিকার পাওয়া যাচ্ছে, সহজে অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ রাখায় অভিযোগের সংখ্যা বাড়ছে। যে কেউ www.dncrp.gov.bd এই ঠিকানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন।
গুলশানের একটি খাবারের দোকানে কোমল পানীয়র বোতলের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি রাখার অভিযোগে অধিদপ্তরে অভিযোগ করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা একরামুল হুদা। তিনি বলেন, ‘এ বছরের ১৬ ফেব্রুয়ারি অধিদপ্তরে অভিযোগ করি। ২৬ ফেব্রুয়ারি অধিদপ্তর চিঠি দিয়ে ৭ মার্চ গণশুনানিতে উপস্থিত থাকতে বলে।’
একরামুল বলেন, ৭ মার্চের শুনানিতে ওই প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতে অভিযোগ সত্য প্রমাণিত হয়। অধিদপ্তর এক হাজার টাকা জরিমানা করে। এর ২৫ শতাংশ আমাকে দেয়। এটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে অনেকেই কীভাবে অভিযোগ করতে হয়, কী কী হয়েছে, সেগুলো জানতে চায়।
এক ধারাতেই ৮২ শতাংশ অভিযোগ
২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভোক্তাদের করা মোট অভিযোগের ৮২ শতাংশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ নম্বর ধারায়। এ ধারায় বলা হয়েছে, নির্ধারিত দামের বেশি দামে পণ্য, ওষুধ বা সেবা বিক্রি করা হলে বা বিক্রির প্রস্তাব করা হলে তা ভোক্তা অধিকারবিরোধী কাজ ও অপরাধের পর্যায়ে পড়বে।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ৪০ ধারায় যত অভিযোগ হয়েছে, তার ৯০ শতাংশই কোমল পানীয় ও পানির দাম বেশি রাখার ঘটনা। এ ধারায় অভিযোগ যেমন বেশি এসেছে, প্রতিকারও হয়েছে বেশি। এতে ভোক্তারা এ ধারায় অভিযোগ করতে উৎসাহিত হয়েছেন।
অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি আইনের অন্যান্য ধারার অভিযোগের সংখ্যা বাড়ছে। আইনের সবগুলো ধারা নিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রচার সভা চালানো হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ খুচরা মূল্য নির্দিষ্ট করে দেওয়া পণ্যের দাম বেশি রাখায় ভোক্তারা সরাসরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা সহজে বোঝা যায়। ফলে এ ধরনের অভিযোগ বেশি হচ্ছে। ভোক্তাদের জন্য একটি সুস্থ পরিবেশ তখনই তৈরি হবে, যখন সব ধরনের অভিযোগ আসবে। তবে ভোক্তারা অভিযোগ দিতে যে আগ্রহী হচ্ছেন, এটি ইতিবাচক দিক।