বেসরকারি একটি প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, ২০০৮ থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তিন হাজার ৫৬৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে গত বছর সাভারের রানা প্লাজা ধসে নিহত হয়েছেন এক হাজার ১৩৪ জন। ১৬টি জাতীয় ও ১১টি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জরিপটি করেছে সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস)।
গতকাল শনিবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ: ন্যূনতম মানদণ্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ জরিপের তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং এসআরএস এ আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, বিদ্যমান আইনের অধীনে কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাঁদের দাবি, মালিক বা রাষ্ট্রের উদাসীনতার কারণে কোনো শ্রমিক দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মো. ইসরাফিল আলম বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে শক্তিশালী কোনো শ্রমিক সংগঠন নেই। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ বলেন, সব খাতের আহত ও নিহত ব্যক্তিদের জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণ নির্ধারণ করা দরকার।
ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য জেড আই খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সুপ্রিমকোর্টের আইনজীবী সেলিম আহসান খান, মো. আসাদুজ্জামান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।