সাত বছরে প্রথম ধান কাটতে পারলেনভূমিহীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছরে এবারই প্রথম ভূমিহীনেরা সোনাইডাঙ্গা বিলের খাসজমিতে তাঁদের লাগানো সব ধান কেটে নিয়ে যেতে পেরেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা বিলের দখল নিয়ে দীর্ঘদিন ধরে জোতদার ও ভূমিহীনদের মধ্যে সংঘর্ষ-হামলা চলে আসছে। বিভিন্ন সময়ে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে থানা এবং আদালতে মামলাও করেছে। চলতি বোরো মৌসুমে বিলের প্রায় ২০ বিঘা জমিতে গ্রামসোনাইয়ের ভূমিহীনেরা ধান আবাদ করেন। ধান কাটার সময় ঘনিয়ে এলে অন্যবারের মতো এবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় প্রশাসন ও সাংসদের দৃঢ় পদক্ষেপের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার ভূমিহীনেরা তাঁদের লাগানো ধান কেটে নিয়ে যান। দুই দিন আগে ধান কাটা শেষ হয়েছে।

এ ব্যাপারে ভূমিহীন মোখলেছুর রহমান বলেন, ‘স্থানীয় কয়েকজন জোতদার ভুয়া কাগজপত্র তৈরি করে গত সাত বছর আমাদের বিলে নামতে দেয়নি। কিন্তু এ বছর বিষয়টি প্রমাণিত হওয়ায় আমরা ধান আবাদ করে কেটে নিয়ে এসেছি।’ জুলহাস উদ্দিন নামের আরেকজন বলেন, ‘বিলে আবাদ করতে গিয়ে অনেক হামলা-মামলার সম্মুখীন হয়েছি। তার পরও এ বছর আমরা ধান কেটে বাড়িতে এনেছি।’ রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, স্থানীয় জোতদারদের কাগজপত্র না থাকায় সোনাইডাঙ্গা বিলে আবাদ করা ধান ভূমিহীনদের কেটে নিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।