গত সাত বছরে বাংলাদেশ রেলওয়ে দুই হাজার ৬৫৭ কোটি ৫৪ লাখ টাকা লোকসান দিয়েছে। ২০০১-০২ থেকে ২০০৭-০৮ অর্থবছরে এই লোকসান হয়। গতকাল সোমবার জাতীয় সংসদে মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান। তিনি জানান, এর মধ্যে বেশি লোকসান দিয়েছে ২০০৭-০৮ অর্থবছরে। ওই বছর রেলওয়ের আয় হয়েছে ৫১৮ কোটি টাকা। আর ব্যয় হয়েছে এক হাজার ১৭৬ কোটি টাকা। লোকসান হয়েছে ৬৫৮ কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রতিবছর রেলওয়ের আয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু ব্যয় বেড়েছে তার দ্বিগুণ হারে। সে কারণে বছর বছর লোকসানও বেড়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরিদপুর থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে একটি সমীক্ষা করা হবে। অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ২০০০-০১ থেকে ২০০৭-০৮ অর্থবছরে সব মিলে ২৮৩ কোটি টাকার নিট লোকসান হয়েছে। আবদুল লতিফের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ঢাকা-কলকাতা-ঢাকা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যাত্রীবান্ধব করতে ট্রেনের রানিং সময় আগের চেয়ে কমানো হয়েছে। জাহিদ আহসান রাসেলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টঙ্গীর ফ্লাইওভারটির নাম ‘শহীদ আহসানউল্লাহ মাস্টার ফ্লাইওভার’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।