সাত বছরেও কাউন্সিল হয়নি বিভক্ত গাইবান্ধা আ.লীগ
কমিটির মেয়াদ তিন বছর হলেও দীর্ঘ সাত বছর ধরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে না। এতে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। ফলে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই দলের যাবতীয় কার্যক্রম চালানো হচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে জেলার শীর্ষস্থানীয় নেতারা কাউন্সিল করতে উদ্যোগ নিচ্ছেন না বলে নেতা-কর্মীরা অভিযোগ করেছেন। এতে দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০০৫ সালের ১২ ডিসেম্বর। তখন মোহামঞ্চদ খালেদ সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। কাউন্সিলের ১৪ মাস পর কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর খালেদের মৃত্যুর পর জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ শামস-উল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে ওই কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে। কাউন্সিল না হওয়ায় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। একটি সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে এবং অপরটি গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগমের পক্ষে কাজ করছে। এ বছরের জাতীয় শোক দিবস গাইবান্ধায় পৃথকভাবে পালিত হয়। সাংসদ মাহাবুব আরা বেগম আসাদুজ্জামান গালর্স স্কুল ও কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় না গিয়ে জেলা পরিষদ মিলনায়তনে যুবলীগের সভায় যোগ দেন। মাহাবুব আরা বেগম বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এর ১৪টি ধারাও থাকতে পারে। যত বেশি ধারা থাকবে, দল তত শক্তিশালী হবে। কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সাংসদ হলেই কাউন্সিলের উদ্যোগ নিতে হবে, এমন কোনো কথা নেই। কাউন্সিল করার ব্যাপারে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজামেঞ্চল হক বলেন, ক্ষমতায় থাকলে সুবিধা পাওয়া যায়। তাই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা কমিটির শীর্ষস্থানীয় নেতারা কাউন্সিল করতে উদ্যোগ নিচ্ছেন না। এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য, বিভেদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই কারণে জেলার শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সাংসদের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এর প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে। গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা বলেন, কাউন্সিল হলে নতুন নেতৃত্ব আসবে, সাবেক নেতাদের ক্ষমতা থাকবে না। তাই তাঁরা কাউন্সিল না দিয়ে নেতৃত্বে থেকে নিয়োগ ও বদলি-বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। এ কারণে দলের সভাও নিয়মিত হচ্ছে না।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর বলেন, সুবিধা নেওয়ার জন্য কাউন্সিল না করার অভিযোগ সঠিক নয়। জেলা কমিটির কাউন্সিলের আগে সদস্য সংগ্রহ, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির কাউন্সিল করতে হয়। সেগুলো না হওয়ায় জেলা কমিটির কাউন্সিল করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, দীর্ঘদিন কাউন্সিল না হলেও দলে কোনো প্রভাব পড়েনি। জেলা কমিটির নেতা-কর্মীদের মধ্যে কোনো বিরোধও নেই।ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল আলম জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করতে বিলম্ব হয়েছে। কেন্দ্র থেকে কাউন্সিল করতে চাপ ছিল না। ক্ষমতা হারানোর ভয়ে শীর্ষস্থানীয় নেতারা কাউন্সিল দিচ্ছেন না—এ রকম অভিযোগ সঠিক নয়।