সাত বছরেও খালের বাকি অংশের খনন শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরেও বগুড়া খালের বাকি ২০ কিলোমিটার অংশের খননকাজ শুরু হয়নি। অথচ ইতিমধ্যে তিস্তা ব্যারাজ প্রকল্পের ৩৪ কিলোমিটার বগুড়া খালকে ঘিরে নির্মাণ করা হয়েছে ১৮টি সেতু ও চারটি ক্রস রেগুলেটর। জমি অধিগ্রহণ না হওয়ায় বারবার বরাদ্দের টাকা ফিরে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সৈয়দপুর বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, পাউবো ২০০৬ সালে তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় ৩৪ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন প্রক্রিয়া শুরু করে। প্রকল্পে বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা। ওই বছর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাজীব গ্রামের কাছে তিস্তা ব্যারাজের মূল খাল থেকে ওই খালের খননকাজ শুরু করা হয়। বরাদ্দ টাকায় খালটির ১৪ কিলোমিটার অংশ খনন করা হয়। ওই সময় রাজীব থেকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শেষ অংশ পর্যন্ত ৩৪ কিলোমিটার খালের নকশা অনুযায়ী নির্মাণ করা হয় ১৮টি সেতু ও চারটি ক্রস রেগুলেটর।
সূত্র জানায়, খালের বাকি ২০ কিলোমিটার অংশ এ পর্যন্ত খনন শুরু না হলেও ফাঁকা মাঠে নির্মাণ করা হয়েছে ওই সেতুগুলো। ওই এলাকার বাসিন্দা মোনায়েম উদ্দিন প্রামাণিক (৪০) জানান, খালের জন্য আমার এক বিঘা জমি অধিগ্রহণ করা হবে—এমন নোটিশ পেয়েছি। কিন্তু সাত বছর ধরে পাউবো বিষয়টি ঝুলিয়ে রেখেছে। এলাকায় খাল কাটা হচ্ছে না। আর আমাদের টাকাও বুঝিয়ে দেওয়া হচ্ছে না।
বাঙালিপুর ইউনিয়নের কৃষক রিয়াজ উদ্দিন জানান, সাত বছরে এ অঞ্চলে জমির দাম কয়েক গুণ বেড়েছে। আগে যে জমির দাম শতকপ্রতি পাঁচ হাজার টাকা ছিল, বর্তমানে তার দাম ৫৫ হাজার টাকা। তাই কেউ পাউবোকে আগের দামে জমি দিতে চায় না।
এদিকে দীর্ঘদিনেও খাল খননকাজ শুরু না হওয়ায় জমি অধিগ্রহণের বরাদ্দের টাকা বারবার ফেরত যাচ্ছে। গত অর্থবছরেও (২০১২-১৩) বরাদ্দের টাকা পানিসম্পদ মন্ত্রণালয়ে ফিরে গেছে।
পাউবোর সৈয়দপুর বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস শহীদ জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ টাকা ফেরত যাওয়ায় কথা স্বীকার করে বলেন, আসলে খাল খনন প্রকল্পটির অনুমোদন না মেলায় ওই অর্থ ফেরত যায়। তবে চলতি অর্থবছরে এই খাতে নতুন করে ৪৮ কোটি টাকা বরাদ্দ মিলেছে। কাজেই অল্প কিছুদিনের মধ্যে জমি অধিগ্রহণ শুরু হবে। একই সঙ্গে বগুড়া খালের বাকি অংশের কাজ শুরু হবে। তিনি আরও জানান, বগুড়া খালের নির্মাণকাজ সম্পন্ন করতে ২১৫ হেক্টর জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় রয়েছে। এর ফলে ২০ হাজার হেক্টর জমি সেচ সুবিধায় আসবে। আর কম দামে পানি মেলায় কৃষকদের উৎপাদন খরচ অনেক কমে আসবে। প্রকল্পের কাজ আগামী চার বছরের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।