সাত বছরেও নাম পরিবর্তন হয়নি
গ্রামটির নাম ছিল লক্ষ্মণপুর। সাত বছর আগে নাম পরিবর্তন করে রাখা হয় ভাষাশহীদ আবদুস সালাম নগর। কিন্তু গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের নাম এখনো লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়ে গেছে।
এদিকে গ্রামে প্রতিষ্ঠিত ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে পত্রপত্রিকা এবং প্রদর্শনের মতো তেমন কিছু না থাকায় সেখানে তেমন লোকসমাগম হয় না।
ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ভাষাশহীদ আবদুস সালাম নগর গ্রামে।
শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম প্রাথমিক বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করার দাবি জানিয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, ২০১১ সালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চিঠি পাঠানো হয়। তখন নাম পরিবর্তনের জন্য তিন লাখ টাকা জমা দিতে বলা হয়। কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ্য সালাম পরিবারের নেই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস বেগম বলেন, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নাম ভাষাশহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত এবং জেলা প্রশাসকের মতামত জানতে চায়। গত বছরের ১২ এপ্রিল দেওয়া চিঠিতে মন্ত্রণালয়ের চিঠির জবাব দেওয়া হয়।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, সরকার যেহেতু ভাষাশহীদ আবদুস সালামের প্রতি সম্মান দেখিয়ে গ্রামের নাম ‘ভাষাশহীদ আবদুস সালাম নগর’ করেছে, তাই বিদ্যালয়ের নামও গ্রামের নামে হওয়া দরকার। তিনি বলেন, বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া হবে।
এদিকে ২০০৮ সালে জেলা পরিষদের অর্থায়নে ভাষাশহীদ সালামের গ্রামে ‘ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে অস্থায়ী ভিত্তিতে একজন গ্রন্থাগারিক ও একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। কিন্তু গ্রন্থাগারে পত্রপত্রিকা ও জাদুঘরে প্রদর্শনের মতো তেমন কিছু না থাকায় সেখানে তেমন লোকসমাগম হয় না।
গ্রন্থাগারিক খাদিজা বেগম বলেন, গ্রন্থাগারে দৈনিক পত্রিকা কিংবা কোনো সাময়িকী রাখা হয় না। পত্রপত্রিকা রাখলে পড়ার জন্য লোকজন আসবে। তিনি বলেন, বছর খানেক আগে জাদুঘরের পেছনের সীমানাপ্রাচীর ভেঙে গেছে। ভবনের ছাদের একাংশ দিয়ে পানি চুইয়ে পড়ে।