উদ্বোধনের সাত বছরেও মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পূর্ণতা পায়নি। এখানে ভাষাশহীদের ছবি ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন।
মানিকগঞ্জ জেলা পরিষদ ও স্মৃতি জাদুঘর সূত্রে জানা গেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের তত্ত্বাবধানে রফিক উদ্দিনের নিজ গ্রাম পারিলে ৩২ শতক জমির ওপর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি গড়ে তোলা হয়। শহীদ রফিকের প্রতিবেশী কর্নেল (অব.) মজিবুল ইসলাম খান জমিটি দেন। একই বছরের ১৫ মে এটি উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগারে বই থাকলেও জাদুঘরে শহীদ রফিকের কোনো স্মৃতিচিহ্ন নেই। ভবনের সামনের দিকে দেয়ালে শহীদ রফিকের একটি ম্যুরাল ও ভেতরে দুটি ছবিই যেন জাদুঘরের নিদর্শন। জাদুঘরে কয়েকটি আলমারিতে রয়েছে বিভিন্ন বই। জাদুঘর থেকে ২৫০ থেকে ৩০০ গজ দূরেই শহীদ রফিকের পৈতৃক ভিটা। ২০০০ সালে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ওই বাড়িতে পাঠাগার ও বাসগৃহ নির্মাণ করে দেয়। সেখানে বসবাস করে শহীদ রফিকের ভাই মৃত আবদুল খালেকের পরিবার। সম্প্রতি বাড়িরটির পাশে শহীদ মিনার নির্মাণ করা হয়।
গ্রন্থাগার ও জাদুঘর দেখভালের দায়িত্বে আছেন ভাষাশহীদ রফিকের ভাতিজা মো. শাহজালাল। তিনি বলেন, প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এলাকাবাসী এবং দর্শনার্থীদের জন্য গ্রন্থাগার ও জাদুঘরটি খোলা থাকে। এলাকার ছাত্রছাত্রীরা পত্রিকা ও নানা ধরনের বই পড়তে আসে। দূর থেকে দর্শনার্থীরাও এখানে আসেন।
গত ২৯ জানুয়ারি মাজহারুল হক মান্না নামের এক দর্শনার্থী গ্রন্থাগার ও জাদুঘরে এসে পরিদর্শন বইতে হতাশা ব্যক্ত করেন। তিনি লেখেন, ‘মহান ভাষাশহীদের ব্যবহার্য কোনো কিছু সংরক্ষণে নেই দেখে কিছুটা হতাশ আমি। আশা করি এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।’
শহীদ রফিকের ছোট ভাই খোরশেদ আলম বাস করেন মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির বাড়িতে। এ বাড়িতেই রেখে দেওয়া হয়েছে শহীদ রফিকের ব্যবহৃত লুঙ্গি, পাঞ্জাবি, খাট ও একটি টেবিল ক্লথ। ২০০০ সালে রফিকের একুশে পদকের সম্মাননা স্মারকও রয়েছে।
গ্রন্থাগারিক ফরহাদ হোসেন বলেন, গ্রন্থাগারে বাংলা একাডেমি থেকে দেওয়া প্রায় ১৬ হাজার বই রয়েছে। কয়েকজন এলাকাবাসী বলেন, ভাষাশহীদের স্মৃতিচিহ্ন না থাকা, অনুন্নত রাস্তাঘাট ও বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় এখানে দর্শনার্থীদের আনাগোনা সীমিত। তবে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে যেতে ঋষিপাড়া-রফিকনগর সড়কটির সম্প্রতি সংস্কারকাজ শুরু হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন বলেন, ‘গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি মূলত গ্রন্থাগার, রফিকের ব্যবহার্য কোনো স্মৃতি এখানে নেই। তাঁর ব্যবহৃত জিনিসপত্র এ জাদুঘরে হস্তান্তর করা হোক, এটা আমাদের দাবি।’