সাত বছরেও বাউফলে আদালত যায়নি
পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘ সাত বছরেও ফৌজদারি ও দেওয়ানি আদালত পুনঃস্থাপন করা হয়নি। এতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ৩৫ কিলোমিটার পথ ঘুরে পটুয়াখালী সদরে আদালতে যেতে হচ্ছে। বাউফলে আদালত পুনঃস্থাপনের দাবিতে গত ১০ মার্চ অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম খানকে আহ্বায়ক করে ৪১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সম্প্রতি আদালত পুনঃস্থাপনের দাবিতে একাধিক কর্মসূচি পালন করেছে। মো. মনিরুল ইসলাম জানান, ১৯৮৩ সালে এলাকার মানুষের সুবিধার জন্য সারা দেশের মতো বাউফল উপজেলায়ও আদালত স্থাপন করা হয়। ১৯৯৩ সালের দিকে আবার জেলা শহরে এসব আদালত স্থানান্তর করা হয়। ২০০৪ সালের শেষ দিকে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য জেলা শহর থেকে ওই সব আদালত আবার উপজেলা সদরে পুনঃস্থানান্তর করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী জেলার পাঁচটি উপজেলায় ফৌজদারি ও দেওয়ানি আদালত পুনঃস্থাপন করা হয়েছে। কিন্তু দীর্ঘ সাত বছরেও বাউফল উপজেলায় আদালত পুনঃস্থানান্তর করা হয়নি। এ উপজেলার মানুষের বিভিন্ন ধরনের পাঁচ সহস্রাধিক মামলা আছে।