নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা গ্রামের সৌদিপ্রবাসী আবুল কাশেম দেশে এসে বাড়িতে বিদ্যুতের বাতি জ্বালানোর আগ্রহ দেখান স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে। সেখানে তাঁকে জানানো হয়, তাঁর এলাকায় দ্রুত বিদ্যুতের লাইন নিতে হলে মিল-কারখানা বসাতে হবে।বিদ্যুৎ কার্যালয়ে পরামর্শ মতো কাজে নেমে পড়েন প্রবাসী কাশেম। বাড়ির পাশের মুক্তিযোদ্ধা বাজারে নতুন ঘর তৈরি করে ধান, চাল, হলুদ ও মরিচ ভাঙানোর মিলের মেশিনপত্রও স্থাপন করেন। এসব করতে তাঁর খরচ হয় প্রায় সাত লাখ টাকা। মিলের বৈদ্যুতিক সংযোগের জন্য কার্যালয়ে ২০০৬ সালের মে ও জুন মাসে জামানত জমা দেন দুই দফায় ৩২ হাজার ১২৪ টাকা।যথারীতি অল্প কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ লাইন তৈরির কাজ শুরু হয়। খুঁটি বসানো হয়। মূল লাইনে (১১ হাজার কেভিএ) তারও টানা হয়। কিন্তু মাঝপথে এসে হঠাৎ লাইন নির্মাণের কাজ থেমে যায়। এরপর কেটে গেছে প্রায় সাত বছর। লাইন নির্মাণের কাজও শেষ হয়নি; বিদ্যুৎও জোটেনি এ প্রবাসীসহ আশপাশের বাসিন্দাদের ভাগ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু এই লাইনটিই নয়। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাতটি আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বিভিন্ন এলাকার ৩২ কিলোমিটারের বেশি নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এসব লাইনের আওতায় সমিতির জরিপকৃত গ্রাহকসংখ্যা প্রায় দুই হাজার। চরফকিরা গ্রামের নিজাম উদ্দিন, আবু তাহের ও সফিউল্লা প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ লাইন নির্মাণ হতে দেখে এলাকার মানুষ খুবই খুশি হয়েছিল। কিন্তু গত সাত বছর ধরে কেবল বিদ্যুতের খুঁটি দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে। আলোর মুখ দেখা হয়নি। তারা আরও বলেন, এ এলাকাটিতে বিদ্যুৎ সুবিধা পাওয়া গেলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি হবে।নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য বিদ্যুৎ লাইনের নামে পল্লী বিদ্যুতের কেউ কোনো টাকা আদায় করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। মুঠোফোনে আলাপকালে তিনি প্রথম আলোকে বলেন, কেউ পল্লী বিদ্যুতের লোকদের নাম ভাঙিয়ে টাকা আদায় করছে কি না; তা-ও তাঁর জানা নেই। এলাকা থেকে কেউ এ ধরনের কোনো অভিযোগ করেনি।