সাত বছরেও ভবন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে কাজ শুরু হলেও এখনো বরিশাল জেলা শিল্পকলা একাডেমীর ভবন নির্মাণ হয়নি। পরিত্যক্ত ভবনে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে ব্যর্থ হওয়ায় প্রশিক্ষণ বিভাগটি ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে।
বরিশালের সাংস্কৃতিক সংগঠন ও নাট্যকর্মীদের অভিযোগ, বিভাগের সব জেলা শহরে শিল্পকলা একাডেমীর ভবন রয়েছে। কিন্তু বিভাগীয় শহর হলেও বরিশালে ভবন নির্মাণ হয়নি। জেলা পরিষদ জমির মালিকানা দাবি করায় এই ভবনের নির্মাণকাজ আটকে আছে।
শিল্পকলা একাডেমীর অফিস সহকারী সুলতানা ইয়াসমিন জানান, ২০০৭ সালে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নগরের বান্দরোডে ভবন নির্মাণকাজ শুরু হয়। প্রাথমিকভাবে মাটির নিচে পাইলিং করার পর জেলা পরিষদ জমির মালিকানা দাবি করে কাজে বাধা দেয়। এরপর ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে কাজ বন্ধ হয়ে যায়। ভবনের অভাবে প্রশিক্ষণ বিভাগটি চলতি বছর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহিদুজ্জামান মামুন জানান, শিল্পকলা ভবন না থাকায় শিল্পী ও সাংস্কৃতিককর্মীরা হতাশ হয়ে পড়েছেন। ভবনের অভাবে নতুনদের প্রশিক্ষণও চলছে না।
শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোহাম্মদ হাসানুর রশীদ প্রথম আলোকে জানান, ১৯৬৬ সালে জেলা হ্যালিপ্যাডের নির্মিত ভবনে শিল্পকলা একাডেমীর কাজ শুরু হয়। ২০০২ সালে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকেই বরিশালে একটি আধুনিক শিল্পকলা একাডেমী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৭ সালের জুলাই মাসে তিন কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণকাজ শুরু হয়। জেলা পরিষদ জমির মালিকানা দাবি করে কাজে বাধা দেওয়ায় অক্টোবর মাসে কাজ বন্ধ হয়ে যায়। এরপর জমি নিয়ে বিরোধ মেটাতে অনেক সময় চলে গেছে। বর্তমানে বিভাগীয় পর্যায়ে শিল্পকলা একাডেমী ভবন ও কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দরপত্র আহ্বান করা হবে বলে আশা করা যাচ্ছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, জমির রেকর্ডে জেলা পরিষদের নাম ছিল। বিএস রেকর্ডে তা জেলা প্রশাসনের বলে দেখা গেছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় বৈঠক করে সমস্যার সমাধান করে নিতে পারে।
জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘জেলা পরিষদ অযৌক্তিকভাবে জমি দাবি করায় কাজ বন্ধ হয়ে যায়। আমরা আর পেছনে তাকাতে চাই না। শিল্পকলা একাডেমী ভবন ও কমপ্লেক্স নির্মাণের জন্য প্রাথমিকভাবে ১৮ থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা চাই খুব দ্রুত কাজ শুরু করতে।’