রাস্তাটি শেষবার মেরামত হয়েছিল ২০০৯ সালে। তারপর প্রায় সাত বছর আর সংস্কার করা হয়নি। খানাখন্দে ভরে গেছে। এখন চলতে গেলেই হোঁচট খেতে হয়। উল্টে যায় রিকশা। ছোটদের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ওই রাস্তার পাড়ে। রাস্তাটি গেছে পুরান ঢাকার অভয় দাস লেন থেকে বেঙ্গল স্টুডিও ও আশপাশের এলাকার ভেতর দিয়ে।
গতকাল রোববার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, আগের দিন হওয়া বৃষ্টির পানি জমে আছে রাস্তার বিভিন্ন অংশে। স্থানীয় ওয়ান টু নাইনটি নাইন কেন্দ্রের একজন কর্মী বলেন, পানির নিচে রয়েছে বিপজ্জনক গর্ত। গত শনিবার একটি কিন্ডারগার্টেন স্কুলের এক ছাত্র গর্তে পড়ে ব্যথা পায়। তাকে ধরতে গিয়ে তার মায়ের হাতে থাকা স্কুল ব্যাগও গর্তে পড়ে যায় এবং বই, খাতা নষ্ট হয়। এতে ছেলেটি কান্নাকাটি শুরু করে।
স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মচারী সুশীল বলেন, বৃষ্টি না হলেও ভাঙা রাস্তায় সব সময়ই পানি জমে থাকে। এ অবস্থায় যেকোনো গাড়ি দ্রুতবেগে চলতে গেলেই দোকানঘরে ময়লা পানি ছিটে আসে।
এলাকার বাসিন্দা বেনজির হোসেন অভিযোগ করেন, পাশের একটি রাস্তা মেরামত করা হয় প্রায় দুই মাস ধরে। ওই সময় আশপাশের সড়কগুলোয় মাঝেমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে যেত। তাঁরা শুনেছেন, রাস্তাটি মেরামতে এক কোটিরও বেশি টাকা খরচ করা হয়। ইচ্ছা করলে তখন একই সঙ্গে এই রাস্তাটিও মেরামত সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি।
এলাকায় ছোটদের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে অকল্যান্ড, ইউসিস ও গ্রিনবার্ড। রাস্তায় চলাচল নিয়ে স্কুলগুলোর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। অকল্যান্ডের একজন শিক্ষক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষার্থীরা বছরের পর বছর ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে। অনেক অভিভাবক তাঁদের কাছে স্কুলে যাতায়াতের সমস্যা তুলে অভিযোগ করেছেন। কিন্তু তাঁরা কিছুই করতে পারেন না।
গোপীবাগ চতুর্থ লেনের বাসিন্দা ওমর ফারুক তাঁর ছেলেকে নিয়ে গ্রিনবার্ড স্কুলে যান। তিনি বলেন, এই রাস্তা ধরে যাতায়াতে এমনিতেই ছেলে ভয় পায়। কারণ প্রচুর যানবাহন চলাচল করে। রিকশায় চলতে গিয়ে শুধু ছেলে নয়, তাঁরও মনে হয় ভাঙা রাস্তায় রিকশা তো উল্টে যাবেই, অন্য গাড়িও উল্টে তাঁদের রিকশার ওপর না পড়ে!
স্থানীয় বেঙ্গল স্টুডিওর একজন বয়োজ্যেষ্ঠ কর্মী আবদুর রহমান প্রশ্ন করেন, ‘রাস্তাটি কি আদৌ মেরামত হবে? হলে কবে হবে?’