আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় পুলিশের দেওয়া দুটি অভিযোগপত্রের ব্যাপারে নিহতের পরিবারের আপত্তি থাকায় মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের জনসভাস্থলে গ্রেনেড হামলায় কিবরিয়া ও তাঁর ভাতিজা মঞ্জুরুল হুদাসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ও একই ঘটনায় নিহত আবুল হোসেনের ছেলে আবদুল মতিনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক দিলিপ কুমার দেবনাথ ৫ জানুয়ারি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মাধ্যমে আবার অধিকতর তদন্তের নির্দেশ দেন।আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিলেট বিভাগীয় সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুননেছা পারুলকে এ হত্যা মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে। সিআইডির সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রফিকুল ইসলাম চার বছর সময় নিয়ে অধিকতর তদন্ত শেষে গত ২০ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন।এর আগে ২০০৫ সালের ১৯ মার্চ একই বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান তৎকালীন হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ কে এম আবদুল কাইউমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন।বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটির অধিকতর তদন্তের আদেশ দেন। শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, এ হত্যা মামলায় প্রথম অভিযোগপত্র যে পক্ষপাতদুষ্ট ছিল, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সম্পূরক যে অভিযোগপত্র দেওয়া হয়, তাতেও তথ্য গোপন করা হয়। তিনি বলেন, ‘২১ আগস্ট ও সিলেটের বোমা হামলার সঙ্গে কারা জড়িত, তা প্রমাণিত হয়েছে। আমার বাবা হত্যার ঘটনাও একই সূত্রে গাঁথা। যে কারণে আমাদের অভিযোগপত্রের ব্যাপারে নারাজি দিতে হয়েছে।’ রেজা কিবরিয়া বলেন, ‘আমরা দুটি বিষয় স্পষ্ট জানতে চাই। ওই ঘটনার মদদদাতা ও অর্থের জোগানদাতা কারা।’মামলার বাদী আবদুল মজিদ খান বলেন, ‘পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা যাবে বলে আশা করছি।’ তিনি বলেন, তিনি আশা করছেন, এ সরকারের মামলেই এ মামলার নিষ্পত্তি হবে।