সাত বছরেও সংস্কার হয়নি সেতু

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের নিমার খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে যাওয়ার সাত বছরেও সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা হয়নি। সেতু না থাকায় বাঁশ ও সুপারিগাছ দিয়ে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পার হচ্ছে প্রায় ১০ হাজার গ্রামবাসী।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ভেঙে যাওয়া সেতুর পাশে বাঁশ ও সুপারিগাছ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। খালের পশ্চিম প্রান্তে জুজখোলা গ্রাম এবং পূর্ব প্রান্তে খানাকুনিয়ারি গ্রাম। এ দুই গ্রামসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হয়।
খানাকুনিয়ারি গ্রামের আবদুল হক আকন (৬২) বলেন, লোহার সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে শিশু ও বৃদ্ধদের সাঁকো পার হতে হয়। প্রায়ই পা ফসকে সাঁকো থেকে পড়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়। রাতে সাঁকো পার হওয়া আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
খানাকুনিয়ারি পিইআর সিনিয়র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র জুবায়ের আহমেদ (৮) বলে, ‘সাঁকোটি পার হওয়ার সময় খুব ভয় লাগে। মনে হয় যেন খালের মধ্যে পড়ে যাচ্ছি।’
কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুস্তম আলী বলেন, ‘নিমার খালের ওপর একসময় লোহার সেতু ছিল। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত সেতুটি ২০০৮ সালে ভেঙে যায়। এরপর ইউনিয়ন পরিষদের টাকায় মানুষের চলাচলের জন্য সাঁকো তৈরি করা হয়। সেতু নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে ধরনা দিয়েও কোনো ফল পাইনি।’
শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১২) বলে, ‘উঁচু সাঁকো পার হওয়ার সময় পড়ে যাওয়ার ভয়ে সব সময়ে আতঙ্কে থাকি। এখনে একটি সেতু নির্মাণ করা হলে আমরা খুবই উপকৃত হব।’
খানাকুনিয়ারি পিইআর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এম এ গণি মাহমুদ বলেন, দুই শ শিক্ষার্থীর বাড়ি জুজখোলা গ্রামে। তাদের প্রতিদিন সাঁকো পার হয়ে মাদ্রাসায় আসতে হয়। শিশুদের কষ্ট করে সাঁকোটি পার হতে হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুর সদর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘আমি সরেজমিনে দেখে নতুন করে সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠাব।’