সাত বছরেও স্বাধীন হয়নি বিচার বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পৃথক্‌করণের সাত বছর হয়ে গেলেও বাংলাদেশের বিচার বিভাগ এখনো স্বাধীন হয়নি। বিচার বিভাগের স্বাধীনতার জন্য দলমত-নির্বিশেষে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেন। 

গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে ‘বিচার বিভাগ পৃথক্‌করণের সাত বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা মঈনুল হোসেন বলেন, আইনের শাসন সম্ভব হয় না, যদি বিচার বিভাগ স্বাধীন না থাকে। মঈনুল হোসেন বলেন, ‘আজকে যা চলছে তা পাকিস্তান আমলের স্বৈরতন্ত্র চলছে। আজকে জনগণের ভোটবিহীন সরকার গণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সংসদ নির্বাচিত হলো, আজকে এই সমস্ত কথা বলার সাহস পেত না যদি আইনজীবীরা এক থাকতেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচার বিভাগ পৃথক্‌করণ এখনো সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। নিম্ন আদালতের বিচারকেরা এখনো নির্বাহী বিভাগের অধীনে রয়ে গেছেন। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ের জন্য বারবার দাবি করা হলেও আজ পর্যন্ত হয়নি। তিনি আশা করেন, স্বাধীন বিচার বিভাগ হবে এবং মানুষও ন্যায়বিচার পাবে। তবে তার পূর্বশর্ত হলো গণতন্ত্র কায়েম করা। এই গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার ও আইনের শাসন কায়েম করার জন্য কর্মসূচি দেওয়া হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার কথা ইঙ্গিত করে বলেন, ‘বিচারপতি তোমার বিচার করবে কারা, বিনা ভোটে নির্বাচিত যাঁরা।’ 

আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আজকে বিচার পণ্যে পরিণত হয়েছে। লেনদেন হচ্ছে। কয়েক দিন আগে তিনজন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে কথায় কথায় সংবিধান সংশোধন হচ্ছে।’ তিনি প্রশ্ন রাখেন, ষোড়শ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতার জন্য নাকি বিচার বিভাগের ধ্বংসের জন্য।

রাজনীতির ঊর্ধ্বে উঠে বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্দোলন করে যাওয়ার জন্য উপস্থিত আইনজীবীদের শপথ পড়ান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।