সাত বছরেও হলো না
বিদ্যালয়ের ভবন দুটি। পাঠদান করা হচ্ছে একটি ভবনে। জায়গা না থাকায় শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসতে হচ্ছে শ্রেণিকক্ষে। গরমের মধ্যে এভাবে বসার কারণে তাঁদের ভীষণ সমস্যা হচ্ছে। টানা সাত বছর ধরে এভাবে কষ্ট পাচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে ঝড়ে একটি ভবনের টিনের চাল বিধ্বস্ত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনেও ভবনটি সংস্কার করেনি। এতে এটি ব্যবহারের অনুপযোগী। এ কারণে শ্রেণিকক্ষ সংকট সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের অপর ভবনের তিনটি কক্ষে পালা করে পাঠদান করতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার চান্দোহর বাজারের উত্তর পাশে এক একর জমির ওপর ১৯৩০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এখানে ১৩৬ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছে। ১৯৭৮-৭৯ সালে আরডিআরএস নামের একটি বেসরকারি সংস্থা বিদ্যালয়ে চার কক্ষের একটি টিনশেড ভবন নির্মাণ করে দেয়। ১৯৯৫ সালের জুন মাসে স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আরেকটি চার কক্ষের পাকা ভবন নির্মাণ করে দেয়।
চান্দোহর গ্রামের আবদুল জলিল বলেন, ২০০৮ সালের ৩০ মে প্রচণ্ড ঝড়ে টিনশেড ঘরটি বিধ্বস্ত হয়। ২০১২ সালের ১ মে টর্নেডোয় ভবনের টিনের চাল উড়ে গেছে। ২০০৮ সাল থেকেই বিদ্যালয়ের কার্যক্রম চলছে একটি ভবনে। শিশু শ্রেণির ক্লাস নেওয়া হয় ভাঙা ঘরের বারান্দায়। স্কুলটি মেরামতে কারও কোনো উদ্যোগ নেই।
গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভবনের চারটি কক্ষের একটি শিক্ষকেরা কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। উত্তর দিকের কক্ষে পঞ্চম শ্রেণির ২৮ জন শিক্ষার্থী ঠাসাঠাসি করে বসেছে। অন্য কক্ষগুলোতে শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে
বসে আছে।
চতুর্থ শ্রেণির ইনসান আলী ও বিথী আকতার বলে, ‘জায়গা নাই তাই সকালে শিশু শ্রেণির ক্লাস নেওয়া হয় ভাঙা ভবনের বারান্দায় মেঝেতে বসে।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম জানান, তিনি নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ভাঙা ঘরটি বিক্রির জন্য একাধিকবার নিলাম ডাকা হয়েছে। কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। পুরোনো ভবনের জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।